বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় দক্ষতা উন্নয়ন প্রতিযোগিতা ২০২৩-এ কুকিং ট্রেড বিভাগে প্রথম স্থান করেছে দোহারের পদ্মা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী রাহাত শিকদার। শনিবার রাজধানীর আগারগাঁওয়ের বিনিয়োগ ভবনে এই পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে রাহাতের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর মূখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।
উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সচিব খায়েরুজ্জামান মজুমদার, এফবিসিসি আইয়ের সিনিয়র সহ-সভাপতি আমিন হেলালী। অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন অত্র প্রতিষ্ঠানের নির্বাহী চেয়ারম্যান সচিব নাসরীন আফরোজ।

প্রতিযোগিতায় মোট ১৩টি ট্রেডের ৭ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।
পদ্মা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মোহাম্মত এমারত হোসেন বলেন, রাহাত হিসাববিজ্ঞানেরই নয়, পুরো পদ্মা কলেজের মেধাবী একজন শিক্ষার্থী এবং মুকসুদপুরের সম্ভ্রান্ত শিকদার বাড়ির সন্তান। হিসাববিজ্ঞানে পড়াশোনা করে কুকিং বিষয়ে এতদূর এগিয়ে যাবে সেটা আমাদের কল্পনায় ছিলনা, অবশ্যই এটা তার নিজস্ব যোগ্যতায় অর্জন করেছে, আমি রাহাতের সাফল্য কামনা করি।
রাহাত দোহারের ফুলতলার পদ্মা গার্ডেন ক্যাফেতে এক সময় শেফ হিসেবে কর্মরত ছিলেন।
এ বিষয়ে পদ্মা গার্ডেন ক্যাফের পরিচালক ও পদ্মা সরকারি কলেজের প্রভাষক আলমগীর হোসেন, বলেন রাহাত আমার হিসাববিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী এবং ক্যাফের কর্মী হিসেবে সুনামের সাথে দীর্ঘদিন কর্মরত ছিল, ওর এই অর্জনে আমরা সবাই খুব খুশি, রাহাতের ভবিষ্যৎ আরও সুন্দর ও স্বার্থক হোক সেই কামনা করি।
