টেলিভিশনের পর্দায় উষ্ণতা ছড়িয়েছেন অভিনেত্রী পামেলা অ্যান্ডারসন (৫২)। কম-বেশি সবাই চেনেন টিভি সিরিজ বেওয়াচ খ্যাত এই তারকাকে। অপরদিকে হলিউড ছবি নিয়ে যারা মোটামুটি ধারণা রাখেন তাদের কাছে জন পিটারস (৭৪) একেবারেই অপরিচিত নন। হেয়ার ড্রেসার থেকে হলিউড মুঘল বনে যাওয়া পিটারস প্রযোজনা করেছেন ব্যাটম্যান, সুপারম্যান রিটার্নসসহ জনপ্রিয় বহু সিনেমা।
গেল সোমবার (২০ জানুয়ারি) গাঁটছড়া বেঁধেছেন এই দুই তারকা। এনিয়ে এক জীবনে পঞ্চমবারের মতো বিয়ের পিঁড়িতে বসলেন পামেলা।
বার্তাসংস্থা এএফপি’র খবরে বলা হয়, সোমবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে পামেলা-পিটারসের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। তিন দশক আগেও তারা প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন। পুরোনো সেই প্রেমের টানে এবার আইনগতভাবে এক হলেন দু’জন।
বিয়ের অনুষ্ঠানের পর পিটারসের উদ্দেশে একটি কবিতা পড়ে শোনান পামেলা। সেখানে তিনি নতুন স্বামীকে “হলিউডের আসল দুষ্টু ছেলে (ব্যাড বয়)” বলে উল্লেখ করেন। তিনি বলেন, “আমি তাকে পরিবারের একজনের মতোই গভীরভাবে ভালোবাসি।”
এর আগে পামেলার জীবনে রয়েছে চারবার বিয়ের ইতিহাস। তিনি অতীতে বিয়ে করেছেন সঙ্গীতশিল্পী টমি লি ও কিড রক’কে। এছাড়া রিক সালোমন নামের এক পোকার খেলোয়াড়কে বিয়ে করেছেন দুইবার। সম্প্রতি তার সঙ্গে প্রেম চলছিল ফ্রান্সের তারকা ফুটবলার আদিল রামি’র সঙ্গে।
বিয়ের বিষয়ে পিটারস বলেন, “সব জায়গায় সুন্দরী রয়েছে। আমি যে কাউকে বেছে নিতে পারতাম। কিন্তু ৩৫ বছর ধরে আমি শুধু পামেলাকে চেয়েছি।”
আশির দশকে প্রথম পরিচয় হয় পামেলা-পিটারসের। এর পরপরই এই অভিনেত্রীকে প্রেমের প্রস্তাব দেন পিটারস। তবে এটা পামেলার পঞ্চম বিয়ে হলেও একদম পিছিয়ে নেই পিটারসও। প্রাক্তন প্রেমিকাকে বিয়ের মধ্য দিয়ে পাঁচবারের মতো চার হাত এক করেছেন তিনিও।
