এবার জাহিদ হাসানের নায়িকা শিরিন শিলা

ঢাকাই সিনেমার নতুন প্রজন্মের চিত্রনায়িকা শিরিন শিলা। বেশ কিছু সিনেমায় কাজ করে তিনি আলোচিত হয়েছেন। অল্প সময়ের চলচ্চিত্র ক্যারিয়ারের শিলা অভিনয় করেছেন ‘হিটম্যান’, ‘ক্ষণিকের ভালোবাসা’, ‘মন জানে না মনের ঠিকানা’ ও ‘মিয়া বিবি রাজি’ নামের ছবিগুলোতে।

তবে অনেকটা সময় ধরেই তাকে অনিয়মিত দেখা যাচ্ছে সিনেমায়। বর্তমান সময়ে নাটক, ওয়েব সিরিজ এবং মডেলিং করছেন এই সুন্দরী।

করোনার প্রভাবে দীর্ঘ বিরতি কাটিয়ে অভিনয়ে ফিরলেন তিনি। সেটাও প্রিয় অভিনেতা জাহিদ হাসানের নায়িকা হয়ে। এই জুটি কাজ করেছেন ‘চান মিয়ার আংটি বদল’ নামে একটি নাটকে। আজ (২১ অক্টোবর) গাজীপুর জেলার পূবাইলে নাটকটির শুটিং শুরু হয়েছে।

নাটকটি পরিচালনা করেছেন শেখ সেলিম।

এ নাটকে অভিনয় প্রসঙ্গে শিরিন শিলা বলেন, ‘অভিনয় আমার পেশা। তাই অভিনয়ের সঙ্গে থাকতে চাই। অনেকদিন ঘরে ছিলাম করোনার কারণে, বন্দী প্রায়। এবার একটু একটু করে কাজ শুরু করছি। কিছুদিন আগে থেকেই নতুন কাজের প্রস্তাব পাচ্ছিলাম। ‘চাঁন মিয়ার আংটি বদল’ নাটকটির গল্প ভালো লেগেছে।

কমেডি ধাঁচের ফ্লেভার হলেও সুন্দর একটি গল্পের নাটক এটি। পাশাপাশি সহশিল্পী হিসেবে জাহিদ হাসান ভাইকে পাওয়াটা তো দারুণ ব্যাপার। সেই সুযোগটাও মিস করতে চাইনি। আশা করছি নাটকটি উপভোগ করবেন দর্শক।’

পরিচালক শেখ সেলিম জানান, শিগগিরই নাটকটি আরটিভিতে প্রচারিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *