নিজস্ব প্রতিবেদক: ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে ঢাকা জেলার উন্নয়নের পবিত্র দায়িত্ব দিয়েছেন। আমি সম্মানের সাথে তাঁর দেয়া দায়িত্বের পবিত্রতা রক্ষা করছি। বিগত সময়ে দুর্নীতি দিয়ে জেলা পরিষদের দেয়াল গুলো কালো রংয়ে ঢেকে দিয়েছিল। আমি স্বচ্ছ উন্নয়ন দিয়ে জেলা পরিষদের দেয়াল গুলো সাদা করছি। রোববার দুপুরে ঢাকার দোহার পৌরসভাস্থ জয়পাড়ার দোহার নবাবগঞ্জ উইভার্স ইন্ড্রাষ্ট্রিয়াল ইউনিয়ন কার্যালয়ে সমিতির কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
রোববার সকাল থেকে তিনি দোহারের জেলা পরিষদের অর্থায়নে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত ৭টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন। প্রকল্প গুলো হলো- উপজেলার উত্তর জয়পাড়া (মিয়াপাড়া) কবরস্থানের লাশ ঘর এবং সীমানা প্রাচীর নির্মাণ, একই গ্রামের চৌধুরীপাড়া বায়তুল মামুর জামে মসজিদ উন্নয়ন, খাড়াকান্দা মসজিদ হতে জালাল ডাক্তারের বাড়ি পর্যন্ত আরসিসি দ্বারা রাস্তা উন্নয়ন, লটাখোলা হান্নান জমিদারের বাড়ি হতে শফি তালুকদারের বাড়ি পর্যন্ত আরসিসি দ্বারা রাস্তা উন্নয়ন, দক্ষিণ জয়পাড়া ফরহাদের বাড়ি হতে নুরু মিয়ার ব্রিজ পর্যন্ত আরসিসি দ্বারা রাস্তা উন্নয়ন, লটাখোলা কবরস্থানের বাউন্ডারী ওয়াল নির্মাণ ও ফ্লোর পাকাকরণ, দোহার নবাবগঞ্জ উইভার্স ইন্ড্রাষ্ট্রিয়াল ইউনিয়ন কার্যালয় আঙ্গিনা নদীভাঙন থেকে রক্ষায় গাইড ওয়াল নির্মাণ।
প্রকল্প উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন- দোহার পৌর মেয়র আব্দুর রহিম মিয়া, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য কমরেড করম আলী, ঢাকা জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক হুমায়ুন কবির, দোহার উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আজাদ হোসেন খান, ধর্ম বিষয়ক সম্পাদক কারী আব্দুস শুকুর, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বোরহান উদ্দীন, সদস্য আমীর হোসেন কোম্পানী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাজাহান মোল্লা, দোহার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকন্দ, জেলা পরিষদের উপ-সহকারি প্রকৌশলী আব্দুল মোতালেব, স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি শহীদ চৌধুরী, আওয়ামীগ নেতা হামিদ ইন্তাজী, নুরুল ইসলাম খোকা, শেখ শাহাবুদ্দিন, মোক্তার হোসেন, রিপন ভুইয়া, নুরুল ইসলাম, আক্তারুজ্জামান, হাবিবুর রহমান, অনু চৌধুরী প্রমুখ।
