আলোচনার মাধ্যমে আলেমদের সঙ্গে ঐক্যমত্যে পৌঁছাতে পারবো : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : ভাস্কর্য ইস্যুতে আলাপ আলোচনার মাধ্যমে আলেমদের সঙ্গে ঐক্যমত্যে পৌঁছাতে পারবো বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘আলোচনা অনেক দূর এগিয়েছে। যেহেতু আমরা আলোচনা শুরু করেছি শিগগিরই এর একটি ফলপ্রসূ ফলাফলও পাবেন।’

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে আলেমদের সঙ্গে বৈঠক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আলেমরা যে পাঁচটি প্রস্তাব দিয়েছেন সেসব নিয়ে আলোচনা চলবে। ধর্মীয় বিধান মেনেই আমরা চলছি, চলবো। আবার সংবিধানের বাইরেও যাবো না।’

এর আগে রাজধানীর ধোলাইপাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ নিয়ে সৃষ্ট অস্থিরতা নিরসনে সোমবার (১৪ ডিসেম্বর) রাত ৯টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেন কওমি আলেমরা। ওই বৈঠক চলে রাত সাড়ে ১১টা পর্যন্ত।

কওমি মাদ্রাসার সম্মিলিত শিক্ষা বোর্ড- হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের নেতৃত্বে এতে আলেমরা অংশ নেন। বৈঠকে উপস্থিত ছিলেন- আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ, মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, মাওলানা নূরুল ইসলাম জিহাদী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুসলেহ উদ্দিন গওহরপুরী।

বৈঠক শেষে হেফাজতে ইসলামের নায়েবে আমির নুরুল ইসলাম জিহাদী সাংবাদিকদের জানান, আলোচনা সফল ও সন্তোষজনক হয়েছে, আলোচনা চলবে।

এর আগে গত ৫ ডিসেম্বর রাজধানীর যাত্রাবাড়ী মাদ্রাসায় শীর্ষ আলেমদের বৈঠক থেকে পাঁচ দফা প্রস্তাব জানানো হয়। ওই বৈঠক থেকেই সরকারের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *