আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় মা ও ছেলের মৃত্যু, স্বামী আহত

নিজস্ব প্রতিবেদক, আরব আমিরাত থেকে: আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী প্রকৌশলী স্বরূপ কান্তি বিশ্বাসের স্ত্রী অসীমা চৌধুরী ও একমাত্র ছেলে অরিত্র বিশ্বাস (১৫) নিহত হয়েছেন। গুরুতর আহত স্বরূপ বিশ্বাস হাসপাতালে চিকিৎসাধীন, তাঁর অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।

প্রত্যক্ষদর্শী সাংবাদিক সঞ্জিত কুমার শীল জানান,পরিবার সহ একটি সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে যাওয়ার পথে সোমবার আনুমানিক রাত নয়টায় আল আইন রোডের আল ওয়াতবা ব্রিজের কাছে দুর্ঘটনাটি ঘটে। স্বরূপ বিশ্বাস নিজেই গাড়ি চালাচ্ছিলেন। পেছন থেকে দ্রুতগামী আরেকটি গাড়ি সজোরে ধাক্কা দিলে তাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে আছড়ে পড়ে এবং দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই অসীমা চৌধুরী ও অরিত্র বিশ্বাসের মৃত্যু হয়।দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বানিয়াস উপশহরে আয়োজিত অনুষ্ঠানে শোকাবহ দৃশ্যের অবতারণা ঘটে।

নিহত দুজনের মরদেহ বর্তমানে আবুধাবির বানিয়াস এলাকার কেন্দ্রীয় মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর ও পরবর্তী করণীয় নিয়ে পরিবারের ঘনিষ্ঠজন ও কমিউনিটির নেতারা যোগাযোগ করছেন।

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার স্বরূপ বিশ্বাস ও উনার স্ত্রী আবুধাবির বাঙালি কমিউনিটির পরিচিত মুখ। সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে তাঁর নিয়মিত অংশগ্রহণ ছিল।তিনি ও তার পরিবার সবার কাছে প্রিয় ছিলেন বলে জানিয়েছেন পরিচিতজনেরা। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আবুধাবিতে প্রবাসী কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে শোক প্রকাশ করে স্বরূপ বিশ্বাসের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

নিহত অসীমা চৌধুরীর পৈতৃক নিবাস চট্টগ্রামের রাউজানে। তাঁর আরেকটি কন্যাসন্তান রয়েছে। আবুধাবির বাঙালি কমিউনিটির নানা কর্মসূচিতে সরব উপস্থিতি ছিল অসীমা চৌধুরীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *