নিজস্ব প্রতিবেদকঃ মানবাধিকার ঘোষণায় প্রবীণদের জন্যে প্রদত্ত প্রতিশ্রুতি পূরণে প্রজন্মের ভূমিকা” প্রতিপাদ্যে ৩৩তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা করেছে এনজিও কারিতাস। কারিতাসের ঢাকা অঞ্চলের অধীনে পরিচালিত এসডিডিবি প্রকল্পের সহায়তায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এ উপলক্ষে আজ ১ অক্টোবর রবিবার বেলা ১১টায় ঢাকার নবাবগঞ্জ উপজেলার বড়গোল্লা এলাকায় সচেতনতামূলক র্যালী বের করা হয়। র্যালিটি গুরুত্বপূর্ণ প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ করে।পরে বড়গোল্লা অগ্রণী সংঘের হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কারিতাস ঢাকা অঞ্চলের আঞ্চলিক পরিচালক সৌরভ রোজারিও।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহাধর্মপ্রদেশের বিশপ থিয়োটনিয়াস গমেজ সিএসসি (অবসরপ্রাপ্ত)। প্রধান অতিথি আলোচনায় বলেন, প্রবীণ ব্যক্তিদের জীবনমান উন্নয়নে বাংলাদেশ সরকারের পাশাপাশি কারিতাস বাংলাদেশ বিভিন্ন ধরনের কার্যক্রম বাস্তবায়ন করছে। এসডিডিবি প্রকল্পের মাধ্যমে কারিতাস প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোল্লা ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার অমল খ্রীষ্টফার ক্রুশ, গোল্লা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর চেয়ারম্যান ডানিয়েল রোজারিও।
এছাড়াও অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সিস্টার মেরী সুধা এসএমআরএ, নির্ণয় নরবার্ট শর্মা, এডভোকেট নাসির উদ্দিন, নরেশ চন্দ্র সরকার প্রমুখ।
এ সময় যুবক/যুবতী, প্রতিবন্ধী, প্রবীণ ব্যক্তি ও স্থানীয় নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত অংশগ্রহণকারীগণ আলোচনা সভায়, প্রবীণ ব্যক্তিদের অধিকার প্রাপ্তির ক্ষেত্রে সমস্যাগুলো তুলে ধরে সে বিয়ষগুলো নিয়ে আলোচনা করেন।
পরে প্রবীণ ব্যক্তিদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। শেষ আকর্ষণ ছিল লটারী ড্র। ৩৩তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে ৩৩টি লটারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
