হিজাব বাধ্যতামূলক করায় প্রশংসায় ভাসছে বেগম আয়েশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ

ঢাকার দোহার উপজেলায় শিক্ষার্থীদের জন্য হিজাব বাধ্যতামূলক করায় প্রশংসায় ভাসছে বেগম আয়েশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ। শিক্ষার্থীদের শালীনতা, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ রক্ষার লক্ষ্যে নেওয়া এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অভিভাবক, স্থানীয় আলেম সমাজ ও সচেতন মহল।

জানা গেছে, সম্প্রতি স্কুল কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় যে, বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রীদের জন্য নির্ধারিত ড্রেস কোডের অংশ হিসেবে হিজাব পরিধান বাধ্যতামূলক করা হয়েছে। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের মধ্যে শালীন আচরণ, আত্মমর্যাদা ও ধর্মীয় অনুশাসন চর্চায় সহায়ক হবে।
বেগম আয়েশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক শামীমা আক্তার বলেন, আমরা চাই আমাদের শিক্ষার্থীরা পরীক্ষায় শুধু ভালো ফলাফলই করবে না, বরং নৈতিক ও ধর্মীয় মূল্যবোধে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে উঠবে। হিজাব বাধ্যতামূলক করার সিদ্ধান্ত সেই লক্ষ্য থেকেই নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের ওপর কোনো ধরনের মানসিক চাপ সৃষ্টি করা তাদের উদ্দেশ্য নয়। বিষয়টি সুন্দর ও সম্মানজনকভাবে বাস্তবায়নে শিক্ষকরা শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত আলোচনা করছেন।

অভিভাবকদের অনেকেই এই উদ্যোগকে সময়োপযোগী বলে মনে করছেন। এক অভিভাবক বলেন, বর্তমান সমাজ বাস্তবতায় সন্তানদের শালীনতা ও ধর্মীয় চেতনায় গড়ে তোলা খুব জরুরি। স্কুলের এই সিদ্ধান্তে আমরা স্বস্তি বোধ করছি।

স্থানীয় সচেতন মহলও এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ও নৈতিক পরিবেশ বজায় রাখতে এ ধরনের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সব মিলিয়ে দোহার উপজেলায় বেগম আয়েশা স্কুলের এই উদ্যোগ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে, যা স্থানীয়ভাবে প্রশংসা ও সমর্থন পাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *