এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সিগঞ্জ) প্রতিনিধি: মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ আদালতে মামলা করাকে কেন্দ্র করে এক বৃদ্ধকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় এক স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল শেখের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের উত্তর মধ্যপাড়া এলাকায়।
ভুক্তভোগী আঃ হান্নান শেখ (৬৫) এ ঘটনায় সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই দুপুর ২টার দিকে স্থানীয় ফয়জুল উলুম মাদ্রাসা মসজিদে যোহরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে আঃ হান্নান শেখের পথরোধ করেন একই এলাকার মান্নান (৫৫), শাহ আলম শেখ (৫০), রাসেল শেখ (৪০) ও মাহিম (২৩)। এ সময় তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। প্রতিবাদ করলে অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে আহত করেন।
তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। অভিযোগে আরও বলা হয়, ভবিষ্যতে তিনি নিজ জমিতে গেলে তাকে হত্যা করে লাশ গুম করারও হুমকি দেওয়া হয়েছে। পরে স্থানীয়দের সহায়তায় আহত হান্নান শেখকে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে অভিযুক্ত সিরাজদিখান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল শেখ অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনাটি সঠিক নয়। আমি শুধু জানতে চেয়েছি কেন আমার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। আমি তাকে মারধর বা হুমকি দেইনি।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, অভিযোগটি পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইদ্রিস আলী মোহন জানান, এ ধরনের কোনো অভিযোগ এখনো আমার কাছে আসেনি। অভিযোগ পেলে এবং তদন্তে সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
