মো. রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সাংবাদিক নির্যাতনের ঘটনায় দায়ের করা ফৌজদারি মামলায় তিনি বর্তমানে কুড়িগ্রাম জেলা কারাগারে রয়েছেন। ২০২০ সালের ১৩ মার্চ মধ্যরাতে বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগানকে ভ্রাম্যমাণ আদালতের নামে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক রাখার অভিযোগ এনে এক বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। এই ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পরবর্তীতে তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় সুলতানা পারভীনসহ চারজন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়। তবে মামলার আসামি হওয়া সত্ত্বেও তারা জামিন নেননি, ফলে আদালত তাদের পলাতক হিসেবে বিবেচনা করেন। এ কারণে হাইকোর্ট তাদের ওকালতনামা ফেরত দেন এবং পোস্টিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে রুল জারি করেন। সাংবাদিক নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় সুলতানা পারভীনসহ চারজনের বিরুদ্ধে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চার্জশিট দাখিল করেছে। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে এবং আদালতের নির্দেশে সুলতানা পারভীন কুড়িগ্রাম জেলা কারাগারে রয়েছেন।
