ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজের এসএসসি নির্বাচনী পরীক্ষার ফলাফলে অসন্তোষ, অভিভাবকদের অনশন

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজের এসএসসি নির্বাচনী (টেস্ট) পরীক্ষার ফলাফলে অনিয়ম ও ভুল মূল্যায়নের অভিযোগ তুলে অনশন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। অধিকাংশ শিক্ষার্থীকে অকৃতকার্য দেখানোর প্রতিবাদে এবং আসন্ন এসএসসি বোর্ড পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে তারা শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অবস্থান নিয়ে এই কর্মসূচি শুরু করেন।
আন্দোলনরত শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, সদ্য প্রকাশিত এসএসসি নির্বাচনী পরীক্ষার ফলাফলে ব্যাপক ত্রুটি রয়েছে। ভালো পরীক্ষা দেওয়া সত্ত্বেও রহস্যজনকভাবে প্রতিষ্ঠানের অধিকাংশ শিক্ষার্থীকে অকৃতকার্য দেখানো হয়েছে। খাতা মূল্যায়নে চরম অবহেলা ও ভুলের কারণে এমন বিপর্যয়কর ফলাফল এসেছে বলে দাবি করেন তারা।
অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে জানান, এই ফলাফলের কারণে বিপুল সংখ্যক শিক্ষার্থীর শিক্ষাজীবন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। বোর্ড পরীক্ষার ফরম পূরণের সময় ঘনিয়ে আসায় তারা চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বিষয়টি নিয়ে বারবার যোগাযোগ করেও কোনো সদুত্তর না পেয়ে তারা বাধ্য হয়ে উপজেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *