এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নে রাতের আঁধারে অবৈধভাবে বালু ফেলে ফসলি জমি ভরাট করার অভিযোগ উঠেছে। কোলাপাড়া গাবতলা এলাকায় শ্রীনগর-দোহার সড়ক থেকে ওয়াসার দিকে যাওয়া সড়কের পাশে দীর্ঘদিন ধরে এই ভরাট কার্যক্রম চলছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, এ বছর ড্রেজার ব্যবহার বন্ধ থাকায় একটি অসাধু চক্র অভিনব কৌশল অবলম্বন করছে। তারা দিনের বেলায় কাজ বন্ধ রেখে রাত ১০টার পর গভীর রাতে ড্রাম ট্রাকে করে বালু এনে ফসলি জমি ভরাট করছে। মূলত কৃষকদের নানা প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে কম দামে জমি কিনে বা দখল করে বালু ভরাটের পর তা চড়া দামে প্লট আকারে বিক্রি করা হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, উত্তর কোলাপাড়া এলাকার হুমায়ুন নামের এক ব্যক্তির জমিতে চারপাশে বাঁশের বেড়া ও জাল দিয়ে ঘিরে বিশাল আকারের বালুর স্তূপ ফেলা হয়েছে। এছাড়া তিন দোকান থেকে কোলাপাড়াগামী রাস্তার দুপাশে এভাবে শত শত একর ফসলি জমি ভরাট করা হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, এই নিচু অঞ্চলের পানি নিষ্কাশনের জন্য যেসব ড্রেন ও খাল (ক্যানেল) ছিল, বালু ভরাটের কারণে সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। ফলে সামান্য বৃষ্টিতেই এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং দিন দিন আবাদি জমির পরিমাণ কমে যাচ্ছে। পাশাপাশি, রাতভর ভারী ড্রাম ট্রাক চলাচলের কারণে শত শত কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কটিরও ব্যাপক ক্ষতি হচ্ছে।
কৃষিজমি রক্ষা, জলাবদ্ধতা নিরসন এবং সরকারি সড়ক বাঁচাতে রাতের আঁধারে এই অবৈধ বালু ভরাট বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
