মুন্সীগঞ্জে অস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী ‘বিকাশ গ্রুপের’ প্রধান বিকাশ গ্রেপ্তার

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত ‘বিকাশ গ্রুপের’ প্রধান বিকাশ(৩০)কে গ্রেপ্তার করেছে শ্রীনগর থানা পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাঘড়া ইউনিয়নে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত বিকাশ উপজেলার বাঘড়া ইউনিয়নের মধ্য বাঘড়া তালুকদার বাড়ী এলাকার আবুল কাশেমের ছেলে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান এবং ওসি (তদন্ত)-এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযানকালে তার বসতবাড়ির ভেতর ও সংলগ্ন টয়লেটের একাংশ থেকে দুটি বিদেশি পিস্তল, একটি দেশীয় পাইপগান, পিস্তলের তিন রাউন্ড গুলি এবং শটগানের চার রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় একটি ব্যাগ ও অন্যান্য সরঞ্জামও জব্দ করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত বিকাশ দীর্ঘদিন ধরে এলাকায় একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে আধিপত্য বিস্তার ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে অস্ত্র আইন, চাঁদাবাজি, ডাকাতিসহ বিভিন্ন গুরুতর অপরাধে প্রায় ১৫ থেকে ২০টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল।

এ বিষয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ বিকাশকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং এ ঘটনায় পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমকে বিস্তারিত তথ্য জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *