‘বাংলা পাসার’ মালয়েশিয়ায় মিনি বাংলাদেশ

ডেস্ক নিউজ : মালয়েশিয়ায় রয়েছে আরেক ‘মিনি বাংলাদেশ’। মালয়েশিয়া জুড়ে বাংলাদেশিরা থাকলেও দেশটির রাজধানী কুয়ালালামপুর থেকে অদূরে গড়ে উঠেছে ‘বাংলা পাসার’। মালয় ভাষায় পাসার অর্থ বাজার। বাংলাদেশিরা এই বাজার গড়ে তুলেছেন বলে এই বাজারের নামকরণ করা হয়েছে ‘বাংলা পাসার’। 

স্থানীয় প্রবাসীরা জানিয়েছেন, দেশটির সেলাঙ্গ জেলার চুইঙ্গা বুলু থানায় এ বাজার গড়ে উঠেছে। বাঙালিরা এ বাজার গড়ে তুললেও এখানে শুধু বাংলাদেশিরা ব্যবসা করেন না, মালয়, থাই, চায়নিজসহ অন্য দেশের ব্যবসায়ীরাও রয়েছেন। ক্রেতাও শুধু বাঙালি নয়, ভিন্ন দেশেরও রয়েছেন। 

প্রবাসী বাংলাদেশিরা জানান, ১৯৯৬ সালের ১৫ আগস্ট দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ যখন অবৈধ বিদেশিদের সাধারণ ক্ষমা ঘোষণা করে বৈধ করার সুযোগ দেন, তখন থেকেই ওই এলাকায় বসবাস শুরু করেন বাংলাদেশিরা। 

ফেনী জেলার প্রবাসী মো. ইয়াকুব আলী বলেন, ১৯৯৬ সালের শেষের দিকে বাজারটি গড়ে ওঠে। ৯৬ সালে যখন এই এলাকায় আমরা আসি, তখন শুধু জঙ্গল আর কিছু খামার ছিল। মানুষের বসতি ছিল না। এখন এই এলাকায় প্রচুর শিল্প কারখানা গড়ে উঠেছে। 

তিনি আরও বলেন, কয়েকজন বাংলাদেশি মিলে বাজারটি গড়ে তোলার পর থেকে কিছু বাঙালি পণ্য-সামগ্রী নিয়ে রাস্তায় বসে বিক্রি করতেন। কিন্তু এখন বাজারটি অনেক বড় হয়ে গেছে। 

বাংলা পাসারে গিয়ে দেখা যায়, বাংলাদেশিরা ইমিটেশন সামগ্রীসহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। কেউ আলু, সবজি ও মাছ বিক্রি করছেন। সেই বাজারে মালয়েশিয়ান হরেক রকমের খাবার নিয়ে বসেছেন হু মাও সি। তিনি বলেন, বাজারটি বাংলাদেশিরা গড়ে তুললেও এখানে সব দেশের লোকজনই আসেন। 

প্রবাসীরা জানান, প্রতিদিন বাজার বসলেও প্রতি রোববার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সেদিন সব বাংলাদেশিরা বাজারে আসেন। 

প্রবাসী ব্যবসায়ী আব্বাস আলী বলেন, ৩ মাস ধরে বাজারে ব্যবসা করছি। বেচাকেনা ভালো। একই কথা জানালেন আরেক প্রবাসী মো. মোমেন। 
তিনি বলেন, প্রতি রোববার আমরা এখানে মিলিত হই। বাজারটি বাংলা নামে হওয়ায় প্রবাসের মাটিতে ভালোই লাগে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *