নবায়ন ছাড়াই চলছে দোহারের ‘আশা ক্লিনিক ’

কাজী জোবায়ের আহমেদ: ঢাকার দোহার উপজেলার লটাখোলা এলাকায় গত তিন বছর ধরে লাইসেন্স নবায়ন ছাড়াই চিকিৎসা সেবার কার্যক্রম চালিয়ে যাচ্ছে আশা ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টার। এবিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে চলছে ক্লিনিকটিতে চিকিৎসা সেবা। সরজমিনে গিয়ে দেখা যায় ক্লিনিকটির ভেতরে প্রবেশপথের ডান পাশে ওয়ার্ডগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা নিচ্ছে রোগীরা। একটি কক্ষে সামান্য বৃষ্টিতে দেয়াল দিয়ে পানি পরার চিত্র উঠে এসেছে নববাংলার ক্যামেরায়।
এদিকে ১৮ জুলাই উপজেলার বাস্তা এলাকার সামসুন্নাহার নামে এক রোগীর সিজারের পর পর্যাপ্ত চিকিৎসা না দেয়ায় তার বাচ্চার মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয় সেই মৃত বাচ্চাটিকে আবার উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে বলেও অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।
তথ্য পেয়ে কতৃপক্ষের কাছে ক্লিনিকটির বৈধ কাগজপত্র চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের ২০১৭ সালের নবায়নকৃত একটি সার্টিফিকেট দেখান ব্যবস্থাপনা পরিচালক শাহাদাৎ হোসেন। এসময় দেখা যায় গত ২০১৭ সালের ৫ ফেব্রুয়ারি সবশেষ নবায়নের পর গত তিন বছর ধরে পুনরায় নবায়ন ছাড়াই চালিয়ে যাচ্ছে ক্লিনিকের কার্যক্রম।
এসময তিন বছর ধরে সার্টিফিকেট কেন নবায়ন করেননি জানতে চাইলে শাহাদাৎ হোসেন বলেন, আমরা গত বছর নবায়ন করতে দিয়েছি। এসময় আবেদনের কপি চাইলে সেটিও দেখাতে পারেননি শাহাদাৎ হোসেন।
এবিষয়ে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদ জানান, আমরা খুব শীঘ্রই দোহারের ক্লিনিকগুলোতে অভিযান পরিচালনা করবো। এছাড়া আশা ক্লিনিকে যদি কোন ভুল চিকিৎসা দিয়ে থাকে ও লাইসেন্স নবায়ন না থাকে আমরা সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।
ঢাকা জেলা সিভিল সার্জন ডাঃ আবু হোসেন মঈনুল আহসান নববাংলাকে বলেন, যারা লাইসেন্স বিহীন প্রতিষ্ঠান পরিচালনা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *