দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: লকডাউনের বিপর্যস্ত পরিস্থিতিতে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় কর্মহীন হয়ে পড়া অটো পরিবহন শ্রমিকদের মাঝে রাতের আঁধারে খাদ্য সহায়তা প্রদান করলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বাবু নর্মল রঞ্জন গুহ।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কলাকোপা ইউনিয়ন পরিষদ ভবনের সামনে প্রায় ২০০ পরিবারের মাঝে নিজ হাতে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি। খাদ্য সহায়তার মধ্যে ছিলো ১০ কেজি চাল, ১কেজি তেল, ১ কেজি ডাল, ১কেজি আলু, ১কেজি পিয়াজ ও ১ কেজি লবণ।
এ সময় নির্মল রঞ্জন গুহ বলেন, আওয়ামীলীগ সবসময় বিপদে আপদে মানুষের পাশে দাঁড়ায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় বলেন, ‘তিনি জনগণের শাসক নন তিনি জনগণের সেবক’।
বাবু নির্মল আরোও বলেন, বিএনপি শুধু টকশোতে বড় বড় কথা বলছে। আজকে তারা দেশের দূর্দিনে মাঠে নেই। ভোটের সময় যদি ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে পারি, বিপদকালে কেন বাড়ি বাড়ি সহায়তা দিতে পারব না। এ সময় তিনি সমাজের বিত্তবানদের কর্মহীন ও অসহায়দের পাশে দাঁড়ানোর আহবান জানান। তিনি বলেন, যারা এই লকডাউনের বিপর্যস্ত পরিস্থিতিতে লজ্জায় আসতে পারেন না, তাদের সেবার জন্য একটি হট লাইন চালু করবে স্বেচ্ছাসেবকলীগ।
এসময় স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক আবুল কালাম আজাদ, ঢাকা জেলা দক্ষিনের সভাপতি মাহবুব বেপারী, নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক দিলিপ কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক মো. পলাশ, নবাবগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলামসহ বিভিন্ন স্তরের স্বেচ্ছাসেবকলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
