নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ‘মুজিববর্ষের উপহার’ দ্বিতীয় পর্যায়ে ৮৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে তুলে দেয়া হয়েছে ২ শতক জমির দলিল, নামজারি খতিয়ান, ডিসিআর, সেলামী ডিসিআর এবং ঘর ও জমির সনদপত্র।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন ঘোষণার পরপরই হস্তান্তর করা হয়। রোববার (২০ জুন) উপজেলার আব্দুল ওয়াসেক মিলনায়তনে এ অনুষ্ঠান করা হয়।
ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক ভাস্কর দেবনাথ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দীন মনজুর সভাপতিত্ব করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুণ কৃষ্ণ পালের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম শেখ, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, আলীমুর রহমান খান পিয়ারা, মো. আবেদ হোসেন, আব্দুল ওয়াদুদ মিয়া, উপজেলা কৃষক লীগের সভাপতি জাহিদ হায়দার উজ্জল প্রমুখ।
