ঢাকার নবাবগঞ্জ উপজেলায় উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এ জমজমাট ফাইনাল ম্যাচ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। এ সময় সংসদ সদস্য খন্দকার আবু আশফাক খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন এবং ক্রীড়াচর্চার মাধ্যমে তরুণ প্রজন্মকে সুস্থ ও মাদকমুক্ত রাখার আহ্বান জানান।
ফাইনাল খেলাটি উপভোগ করতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
