নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জে দুইতলার বসত বাড়ির ছাদে ঝাড়ু দেয়ার সময় পড়ে গিয়ে মিতু আক্তার (৩৫) নামে এক প্রবাসীর স্ত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বারুয়াখালী ইউনিয়নের জৈনপুর মাদ্রাসার পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিতু আক্তার ঐ গ্রামের বাসিন্দা ও কুয়েত প্রবাসী মো. রফিকের স্ত্রী।
নিহতের একমাত্র ছেলে, প্রত্যক্ষদর্শী মো. সাদ্দামের (১১) বরাতে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে দুইতলা বাড়ির ছাদে ঝাড়ু দিচ্ছিলেন মিতু আক্তার। এসময় মাথা ঘুরে ছাদ থেকে পড়ে যায় ঐ নারী। স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু হানিফ দুর্ঘটনায় মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, এবিষয়ে দায়িত্বরত কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
