আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঢাকা-১ আসনের দোহার-নবাবগঞ্জ উপজেলায় কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলা পরিষদ চত্বরে ছিল ব্যস্ততা ও উৎসবমুখর পরিবেশ।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নবাবগঞ্জ উপজেলার মোট ১০৬টি এবং দোহারে ৭৮টি ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট বাক্স, ব্যালট পেপার, সিল, স্ট্যাম্প, ফলাফল শিটসহ প্রয়োজনীয় নির্বাচনী সামগ্রী। সকাল থেকেই প্রিজাইডিং অফিসাররা নির্ধারিত কেন্দ্রে দায়িত্ব পালনের লক্ষ্যে এসব সরঞ্জাম বুঝে নেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসারদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। পুলিশ সদস্যদের সঙ্গে আনসার ও ভিডিপি সদস্যরাও নিজ নিজ কেন্দ্রে রওনা হয়েছেন। নির্বাচনী সামগ্রী পরিবহনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাঈদুল ইসলাম বলেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে।
অপরদিকে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা দিলরুবা ইসলাম বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
