কাজী জোবায়ের আহমেদঃ ঢাকার দোহার উপজেলার জয়পাড়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (ভোকেশনাল) রোডে অবৈধ সিএনজি পার্কিং এর কারণে বিপাকে পড়েছে কলেজের ছাত্র-ছাত্রী ও আশে পাশের ব্যাবসায়ীসহ সাধারণ পথচারীরা। দীর্ঘদিন ধরে এই রাস্তাটি দখল করে পার্কিং করে অন্যান্য গাড়ি চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে চলছে। গত মঙ্গলবার ও বুধবার (৫ও ৬ ফেব্রুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা যায় জয়পাড়া কলেজ মোড়ের সামনে থেকে ভোকেশনাল রোডে রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে পার্কিং করে রাখা হয়েছে প্রায় ২০ থেকে ২৫ টি সিএনজি। এমন অবৈধ পার্কিং এর কারণে ঐ স্থানে ঘটে ছোট বড় দুর্ঘটনা। রাস্তাটির পূর্ব ও পশ্চিমপাশে জয়পাড়া বিশ্যবিদ্যালয় কলেজ ও জয়পাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থাকায় প্রতিদিন শত শত শিক্ষার্থীরা এই রাস্তাটি দিয়ে চলাচল করে। এছাড়া রাস্তার দুইপাশে দোকানীরা চরম বিপাকে পরেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, এখানে সিএনজি পার্কিং করে গাড়ির দুইপাশে পর্দা দিয়ে ভেতরে চালকরা জুয়া খেলে সময় কাটায়। মাঝে মাঝে গাজার গন্ধ পাওয়া যায়।
কয়েকজন দোকানীরা ক্ষোভ প্রকাশ করে নববাংলাকে জানান, এভাবে যদি দুইপাশে অবৈধ ভাবে সিএনজি রাখা হয় তাহলে আমরা কিভাবে ব্যাবসা করবো। প্রশাসন কি কিছুই দেখেনা?
রাসেল মাহমুদ নামে কলেজের এক শিক্ষার্থী জানান, এখানে যেভাবে সিএনজি রাখা হয়েছে আমরা কোন পাশ দিয়ে হেটে যাবো তাই বুঝতে পারছিনা। এখানে দুই পাশে প্রায় ৮ফুট জায়গা সিএনজি দিয়ে দিনের পর দিন দখল করে রাখা হয়েছে। এর মাঝে আবার রাস্তার কজে ব্যবহারের জন্য পাথর ফেলে রাখা হয়েছে। আমরা এমন অবৈধ পার্কিং অপসারণ চাই।
অবৈধ পার্কিং এর বিষয়ে শহিদুল ইসলাম নামে এক সিএনজি চালক বলেন, কলেজ মোড়ে জায়গা না থাকায় আমরা এখানে সিএনজি রেখেছি। প্রশাসন নিষেধ করলে অন্য জায়গায় চলে যাবো।
এবিষয়ে দোহার উপজেলা নির্বার্হী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা বলেন, ভোকেশনাল রোডে এর আগেও এমন অবৈধ পার্কিং ছিলো আমরা তাদের সরিয়ে দিয়েছিলাম। এখন যদি আবার রাস্তা দখল করে এমন অবৈধ পার্কিং করে থাকে। খুব শীঘ্রই কঠোর আইনানুক ব্যবস্থা নেয়া হবে।
