দোহারে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক: মুজিব শতবর্ষ উপলক্ষে ঢাকা দক্ষিণ , দোহার উপজেলা ও নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ফ্রি মেডিকেল সার্ভিসের আয়োজন করা হয়। শনিবার সকালে উপজেলার নয়াবাড়ি ইউনিয়নে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দোহারকে পদ্মার ভাঙন থেকে রক্ষা করতে বাধ নির্মাণ করা হচ্ছে। আগামীতে ভাঙন রোধে ও দোহারের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে কাজ করা হবে। তিনি আরও বলেন, করোনা ও বন্যা পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর নির্দেশে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা মানুষের পাশে ছিল আগামীতেও থাকবে। এসময় মানবকল্যাণে কাজ করে যাওয়ায় স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীদের ধন্যবাদ জানান সালমান এফ রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ,সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, সিনিয়র সহ-সভাপতি গাজী মেজবাউল হোসেন।
বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের সকল ক্রান্তিকালে সাধারণ মানুষের পাশে ছিল স্বেচ্ছাসেবক লীগ। শীতের শুরু থেকে সংগঠণের পক্ষ থেকে কম্বল বিতরণ অব্যাহত রয়েছে। আজ ফ্রি মেডিকেল সার্ভিস শুরু করা হল। আগামীতে সারাদেশে এই সেবা চালু করা হবে।
সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, ধানের মৌসুমে যখন ধান কাটার জন্য কৃষাণ পাওয়া যায়নি তখন স্বেচাসেবক লীগের কর্মীরা সারাদেশে কৃষকের ধান কেটে ঘরে পৌছে দিয়েছে। করোনা, বন্যা ও শীতের শুরু থেকে মানুষের পাশে ছিল স্বেচ্ছাসেবক লীগ,আগামীতেও পাশে থাকবে।
ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুব বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গীতিকার সুরকার হাসান মতিউর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাসার চোকদার, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বেপারীসহ জেলা,উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত অসহায় ও গরীবদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন অভিজ্ঞ ডাক্তাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *