নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকার দোহারের অনলাইন পোর্টাল ‘নিউজ৩৯’ এর চিফ রিপোর্টার আসিফুর রহমান সজলের বসত বাড়িতে ঢুকে অতর্কিত হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী ।
এসময় স্থানীয় মোহন মেম্বরের ছেলে রাকিব, তারার ছেলে মাদক ব্যবসায়ী বাবু ও বোরহান ব্যাপারীর ছেলে সোহেলসহ আরো বেশ কয়েকজন হামলায় অংশ গ্রহন করে বলে জানান আহত আসিফ। বৃহস্পতিবার(১১জুন) বিকেলে উপজেলার নয়াবাড়ি ইউনিয়নে ওই সাংবাদিক নিজ বাড়িতে এ হামলার স্বীকার হন। ব্যাপক মারধরের ফলে গুরুতর আহত হন তিনি। মামলা করলে ফের হামলার হুমকি দেন ওই সন্ত্রাসীরা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। এই সময় থানায় অভিযোগ দায়ের করতে আসলে সাংবাদিক আসিফের মোবাইলে ফোন দিয়ে হামলাকারীরা মামলা করতে নিষেধ করে এবং মামলা করলে ফের বাড়িতে হামলা চালানোর হুমকি দেয়।
স্থানীয় সূত্র জানায়, আসিফ তার নিজ বাড়ির আঙিনায় বসার জন্য একটি বেঞ্চ তৈরি করেন। সরকার লকডাউন তুলে নেওয়ার ঘোষণা দিলে সেই বেঞ্চে এলাকার বখাটে যুবকরা নেশা করতো এবং জোয়ার আসর বসাতো। আসিফ বিষয়টি জানতে পেরে তার তৈরিকৃত বেঞ্চটি ভেঙ্গে ফেলে। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয় সন্ত্রাসীরা। এরপর আজ (১১ জুন) আসিফের নিজ বাড়িতে ঢুকে হামলা চালায় এবং তাকে গুরুতর আহত করে। এ সময় ক্রিকেট ব্যাট দিয়ে তাকে পিটিয়ে আহত করে এবং বসতবাড়ি ভাংচুর করে সন্ত্রাসীরা। ঘটনার পর থেকে আসিফ ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে সন্ত্রাসীরা। এমন ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে আহত সাংবাদিক আসিফ ও তার পরিবার।
এ ব্যাপারে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাজ্জাদ হোসেন বলেন, এ ঘটনায় আহত সাংবাদিক থানায় অভিযোগ দিয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
