করোনায় প্রাণ গেল ডা.গাজী জহির হাসানের

নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহ মেডিকেল কলেজের ১৭তম ব্যাচের ছাত্র, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় পেডিয়াট্রিক সার্জারির অধ্যাপক ডা. গাজী জহির হাসান কোভিড-১৯ আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জানা গেছে, গত সপ্তাহে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। নিউমোনিয়া, কিডনির কার্যক্ষমতা কমে যাওয়াসহ নানা জটিলতা দেখা দেয় তার। অবস্থার অবনতির কারণে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। একাধিকবার তার কিডনি ডায়ালিসিস করতে হয়। শেষ পর্যায়ে তিনি ভেন্টিলেশন বা লাইফ সাপোর্টে ছিলেন।

গতকাল রাত সোয়া একটার দিকে তার লাইফ সাপোর্ট খুলে নেয়া হয়। ডা. গাজী জহিরুলের মৃত্যুর পরপরই এ তথ্য জানিয়েছেন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটিসের (এফডিএসআর) জয়েন্ট সেক্রেটারি ডা. রাহাত আনোয়ার চৌধুরী। এর আগে গতকাল ১১ জুন রাতে তার মৃত্যুর ভুল সংবাদ আসে, যদিও তখন তার শারীরিক অবস্থা সংকটাপন্ন ছিল। অবশেষে গতকাল রাত আনুমানিক সোয়া ১ টার দিকে তিনি করোনার কাছে পরাজিত হয়ে না ফেরার দেশে চলে যান। এদিকে, অধ্যাপক ডা. গাজী জহিরুল হাসানের মৃত্যুর সংবাদ জানিয়ে বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের প্রধান প্রশাসক নিরুপম দাশ বলেন, ‘এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ২৮ জন চিকিৎসক মারা গেছেন। এছাড়াও, পাঁচ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

পৈত্রিকসূত্রে দোহারের গাজী বাড়ির ছেলে হওয়ায় দোহারে ইতোমধ্যে সকলের প্রিয় হয়ে উঠেছিলেন এই ডাক্তার গাজী জহির। দোহারের অন্যতম হাসপাতাল দোহার জেনারেলে তিনি একসময় নিয়মিত চেম্বার করতেন। সকলেই তার মৃত্যুতে শোকাভিভূত। তার একজন রোগী রাশেদা বেগম জানান, গাজী স্যার অনেক ভাল মানুষ ছিলেন। রাত-দিন যে কোনো সময় মোবাইলে কল দিলে স্যার রাগ করতেন না। স্যার সকল রোগীকে ব্যক্তিগত নম্বর দিতেন। নম্র ও ভদ্র ব্যবহার করতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *