নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ১৪ জনকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৫ আগস্ট) সরকার ঘোষিত কঠোর লকডাউনে সন্ধ্যার পর থেকে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএফএম ফিরোজ মাহমুদ সরকার ঘোষিত সংক্রমণ রোধে কঠোর লকডাউন বাস্তবায়নে উপজেলার বিভিন্ন পয়েন্টে দোকানপাট ও গণপরিবহন বন্ধ নিশ্চিত করতে এবং স্বাস্থ্যবিধি প্রতিপালনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন।
সরকারি নিষেধাজ্ঞা অমান্য ও স্বাস্থ্য বিধি অমান্য করায় ১৪ জনকে ভ্রাম্যমাণ আদালত ২৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
কঠোর লকডাউন বাস্তবায়নে সকাল থেকেই মাঠে কাজ করছেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামালসহ দোহার থানার পুলিশ, সেনাবাহিনী, বিজিবি এবং উপজেলা আনসার সদস্যগণ।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএফএম ফিরোজ মাহমুদ জানান, লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।
