ঢাকার দোহার উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও হেরোইনসহ বারো জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন দোহার থানার ওসি আবু বকর সিদ্দিক।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, এসআই মদন চন্দ্র সাহা, তন্ময় কুমার চক্রবর্তী, বিশ্বজিৎ ঘোষ ও এএসআই মারুফ হাসান ফোর্সসহ সোমবার দিবাগত রাত ১২টার দিকে দোহার পৌরসভা ও সুতারপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৭ গ্রাম হেরোইন ও ১১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন মাদক ব্যবসায়ী, ২ জন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য, ২ জন সিআর সাজা ওয়ারেন্ট ভুক্ত আসামি এবং ৪ জন সিআর ওয়ারেন্টসহ মোট ১২ জন আসামিকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার দক্ষিণ রাধানগরের মৃত এরফান ভর্দার ছেলে মাদক ব্যবসায়ী শরিফ ভর্দার (৩৫), দোহার ঘাটার মৃত আলী হোসেন মৃধার ছেলে সজিব হোসেন ওরফে রকিব (২৮), একই এলাকার মৃত আ. বারেকের ছেলে দিপু হোসেন (২৩) ও কাটাখালীর জামাল উদ্দিনের ছেলে রবিন হোসেন (২৫)। দোহার ঘাটা এলাকার পৌরসভা ছাত্রলীগের সদস্য মো. সজিব হোসেন ওরফে রকিব (২৮), মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পিয়ার আলী পত্তনদার (৪৮)। চর কুশাই এলাকার শাহ আলম হাজীর ছেলে সিআর সাজাভুক্ত মো. সালাউদ্দিন, আবুল কালামের মেয়ে কাকলী আক্তার, নারায়ন মন্ডলের মেয়ে কনিকা রানী, হাসেম তালুকদারের মেয়ে সিআর ওয়ারেন্টভুক্ত আকলিমা বেগম, জানে আলমের স্ত্রী রেহানা খানম ও নজরুল ইসলামের স্ত্রী মাবিয়া খাতুন।
