নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলা কুসুমহাটি ইউনিয়নের চরপুরুলিয়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দ্বীন ইসলাম (৪৭) নামে এক কৃষকের উপর হামলা করে তার কাছে থাকা ত্রিশ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে স্থানীয় চাঁন খা এর ছেলে ইদ্রিস খান, আনিস খানের ছেলে মো. হোসেন ও মো.আব্দুর রাজ্জাক ওরুফে রেজাক এর ছেলে রাকিব এর বিরুদ্ধে। আহত দ্বীন ইসলাম শিলাকোঠা গ্রামের মৃত সুবান মল্লিকের ছেলে। এবিষয়ে দোহার থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
আহত দ্বীন ইসলাম জানায়, সোমবার (২৩ মার্চ) সকাল ১১ টার দিকে আমি ফসলের জন্য কিটনাশক আনতে ত্রিশ হাজার টাকা নিয়ে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে আমার চাষাবাদকৃত জমিতে শ্রমিকের সাথে কথা বলতে যাই।
আমার জমির উপর ঘাস দেখতে পেয়ে আমার শ্রমিককে জিজ্ঞাসা করলে তিনি জানান ইদ্রিস খানের জমির ঘাস আমাদের জমির উপর ফেলছে। আমি ইদ্রিস খানকে ঘাসের ব্যাপারে জিজ্ঞাস করলেই তখন ইদ্রিস খান আমার উপর চরাও হয়। পরে বাক বিতন্ডার এক পর্যায়ে আমাকে লাঠি দিয়ে মাথা ও পায়ে আঘাত করে হাত ভেঙ্গে দেয়। এসময় ইদ্রিসের সাথে স্থানীয় হোসেন ও রাকিব মারধর করে আমার সাথে থাকা ত্রিশ হাজার টাকা নিয়ে যায়। পরে আমাকে অজ্ঞান অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। আমি তিনদিন চিকিৎসা নিয়ে বাড়িতে আসি।
ডাক্তার বলেছে উন্নত চিকিৎসার জন্য পিজি হাসপাতালে ভর্তি হতে। এদিকে পরিচর্যার আভাবে আমার জমিতে কয়েক লাখ টাকার ফসলের ক্ষতি হয়ে গেছে। আমি এই ঘটনার সুষ্ঠ বিচার চাই।
এই ঘটনার পর আহত দ্বীন ইসলামের ভাই নুরু মল্লিক বাদী হয়ে দোহার থানায় একটি অভিযোগ করেন। এবং আসামিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানান তার পরিবার।
এদিকে এবিষয়ে বক্তব্য নিতে অভিযুক্ত তিনজনের বাড়িতে গেলে কাইকেই পাওয়া যায়নি। স্থানীয়রা জানান থানায় অভিযোগ হওয়ায় তারা সবাই আত্ম গোপনে রয়েছে।
কুসুমহাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, এমন তুচ্ছ ঘটনায় নিরিহ একজন কৃষককে এভাবে মারধর করা কোন ভাবেই কাম্য নয়। আমি খবর পেয়ে আহতের বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়েছি। যেহেতু ঘটনাটি নিয়ে দোহার থানায় অভিযোগ করা হয়েছে। আমি চাই পুলিশ প্রশাসন সুষ্ঠ তদন্ত করে এই ঘটনার বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করবেন।
এবিষয়ে দোহার থানা সেকেন্ড অফিসার এসআই শেখ মো.নাসির উদ্দিন জানান, অভিযোগের ভিত্তিতে আমরা আসামিদের বাড়িতে গেলে কাউকেই পাওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে এই ঘটনার সাথে জরিতদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
