দোহারে জোরপূর্বক দোকান উচ্ছেদের অভিযোগ, ব্যবসায়ীকে মারধর

 দোহার (ঢাকা) প্রতিনিধি.  ঢাকার দোহার উপজেলার দোহার বাজারে (ছন্দুমিয়ার বাজার) এ জোরপূবর্ক দোকান উচ্ছেদ ও মিঠু পাল নামে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে ডালু খন্দকার (পীর ডালু শাহ্) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। খবর পেয়ে দোহার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ রাখতে বললেও উচ্ছেদকাজ চালিয়ে যান ডালু খন্দকার। পরে ঘটনাস্থলে পৌছায় দোহার ক্যাম্পের দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল। এসময় সকল প্রকার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। ভূক্তভোগী দোহার খালপাড় এলাকার নজরুল ইসলাম মুক্তার ও নুরুল ইসলাম মনির জানান, দোহার বাজারে তাদের ক্রযকৃত জমির উপর তিনটি দোকান তুলে ভাড়া দেন তারা। দীর্ঘদিন পর দোহার পেট্রোল পাম্পের মালিক ডালু খন্দকার জোরপূর্বক দোকানের জমি কিনে নিতে চায়।

এতে রাজি না হলে মঙ্গলবার সকালে তার লোকজন দিয়ে দোকান উচ্ছেদ করে দিয়ে বালু দিয়ে ভরাটের চেষ্টা করে। এসময় দোকানের ভাড়াটিয়া মিঠু পাল বাধা দিলে তাকে মারধর করেন ডালু খন্দকার। নজরুল ইসলাম মোক্তার বলেন, আমরা জমি বিক্রি করবোনা বলার পরেও আমাদের দোকান উচ্ছেদ করা হলো, আমরা এর বিচার চাই। ব্যবসায়ী মিঠু পাল অভিযোগ বলেন, মালিকের সাথে কথা না বলে আমার দোকান লোকজন দিয়ে ভাংচুর করে ডালু খন্দকার। আমি বাধা দিলে মারধর করে।

মিঠু আরও বলেন, এই দোকান বন্ধ থাকলে আমাকে পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে। আমি এর ক্ষতিপূরণ চাই। দোহার বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মতিন চোকদার বলেন, দোকান উচ্ছেদের ঘটনাটি দুঃখজনক। আমি ডালু খন্দকারকে দোকান মালিকের সাথে কথা বলে সমাধানের কথা বলেছিলাম।

ব্যবসায়ীকে মারধরের বিষয়ে তিনি বলেন, এব্যাপারে কমিটির সভাপতির সাথে কথা বলে সিন্ধান্ত নেয়া হবে। এব্যাপারে অভিযুক্ত ডালু খন্দকারের বক্তব্য নিতে গেলে তিনি কোন প্রকার বক্তব্য দিতে রাজি হননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *