দোহারে করোনা আক্রান্ত একব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহারে করোনা ভাইরাসের সংক্রমন সনাক্ত হওয়া জাহাঙ্গীর আলম (৬০) মারা গেছেন। শনিবার বিকাল ৩টায় রাজধানীর রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দোহার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।
মারা যাওয়া ওই ব্যক্তির বাড়ি রংপুর জেলায়। সে ঢাকায় কাজ করত এবং তাঁর স্ত্রী দোহারের চমৎকার বিড়ি ফ্যাক্টারির শ্রমিক হিসেবে কাজ করত। স্ত্রী দোহারে থাকার কারণে সে সম্প্রতি ঢাকা থেকে দোহারে আসেন।
ডা. মো. জসিম উদ্দীন জানান, ঢাকা থেকে আসা ওই ব্যক্তি সম্প্রতি বিভিন্ন রোগ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। গত সোমবার তার শরীরে করোনা উপসর্গ দেখা দেয় । পরদিন মঙ্গলবার তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআর’এ পাঠানো হয়। বুধবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি মেইলে ওই ব্যক্তির করোনা পজেটিভ থাকার খবর আসে। দ্রুত তাকে আইইডিসিআর-এ তত্ববধানে ঢাকার রিজেন্ট হাসপাতালে পাঠানো হয়। শনিবার বিকাল ৩টায় চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়।
ডা. জসিম উদ্দিন জানান, ওই ব্যক্তির স্ত্রীর শরীর থেকেও নমুনা নিয়ে পরীক্ষা করা হয়। পরীক্ষায় তার শরীরে করোনা সনাক্ত হয়নি। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন বিভাগে ভর্তি রয়েছেন। মারা যাওয়া ওই ব্যক্তির লাশ আইইডিসিআর’এর নিয়মানুযায়ী দাফন করা হবে।
ডা. জসিম উদ্দিন আরও জানান, দোহারে আক্রান্ত দুইজনের মধ্যে একজনের মৃত্যু হলেও আরেকজন অনেকটা সুস্থ আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *