কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আগানগরের বাঁশপট্টি এলাকায় সিগারেট খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে। নিহত কিশোরের নাম মোহাম্মদ হাসান (১৭)। নিহত হাসান স্থানীয় একটি ওয়াশিং কারখানার হেলপার হিসেবে কর্মরত ছিল। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি তদন্ত মোঃ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত কিশোর হাসান গত শুক্রবার বিকেলে আগানগরের বাঁশপট্টি এলাকায় একটি চায়ের দোকানে বসে কিশোর হাসান আড্ডা মারছিল। এ সময় সে হঠাৎ একটি সিগারেট খাওয়া শুরু করলে তার পাশে কয়েকজন যুবক এতে ক্ষিপ্ত হয়ে ওঠে। এই সিগারেট খাওয়াকে কেন্দ্র করে কিশোর হাসানের সাথে ওই যুবকদের তীব্র কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে ওই যুবকরা কিশোর হাসানকে অতর্কিতভাবে ছুরি দিয়ে একাধিক আঘাত করে পালিয়ে যায়।
এসময় ঘটনাস্থলে উপস্থিত লোকজন হাসানকে উদ্ধার করে দ্রুত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় থাকার একদিন পর আজ শনিবার বিকেলে সে মারা যায়। এই ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জ্ঞাত তিনজন, অজ্ঞাত আরো তিনজনসহ মোট ৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামিদের দ্রুত গ্রেফতারের জন্য আগানগরসহ বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।
