শেরপুরের নৌহাটা এলাকায় বিসিক শিল্প নগরীতে অবস্থিত বেসরকারি হিমাগার তাজ কোল্ড স্টোরেজে রাখা ৫৭ হাজার বস্তা (তিন হাজার ১০০ টনের বেশি) আলু পচে ও পুড়ে নষ্ট হয়ে গেছে।
সোমবার (২০ জুলাই) কোল্ড স্টোরেজ পরিদর্শন শেষে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক এ তথ্য নিশ্চিত করেছেন। হিমাগার কর্তৃপক্ষ জানায়, যান্ত্রিক ত্রুটির কারণে অ্যামোনিয়া গ্যাস লিকেজ হয়ে এটি ঘটেছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সঙ্গে বসে ক্ষয়ক্ষতি নিরূপণ করে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিষয়টি প্রথমে গোপন থাকলেও কৃষক ও ব্যবসায়ীরা জানতে পেরে গত রবিবার হিমাগারে এসে আলু পচে যাওয়া খবরের সত্যতা নিশ্চিত হন। পরে দিশেহারা কৃষকরা বিক্ষোভ শুরু করেন।
তাজ কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক রফিকুল ইসলাম বলেন, ‘আগামী বৃহস্পতিবার কৃষক ও মজুতদারদের সঙ্গে বসে আলোচনা করে একটি সম্মানজনক সমাধান করার জন্য কর্তৃপক্ষ উদ্যোগ নিয়েছে।’
