তজুমদ্দিনে ছাগল-কাণ্ড, গৃহবধূকে মারধরের অভিযোগে থানায় অভিযোগ

খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি: ভোলার তজুমদ্দিন উপজেলায় ছাগলে সুপারি গাছের চারা খাওয়াকে কেন্দ্র করে মাইনুর বেগম (৩৭) নামে এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে একই এলাকার মোঃ সোলায়মান (৪৫) এর বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলার চাঁচড়া ইউনিয়নের পঞ্চগ্রামের মকবুল হোসেন মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে। আহত মাইনুর বেগম বর্তমানে তজুমদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্স-এ চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী মাইনুর বেগম জানান, সোলায়মানের ছাগল তার লাগানো সুপারি গাছের চারা খেয়ে নষ্ট করে। বিষয়টি জানাতে গেলে সোলায়মান তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে কিল-ঘুষি মারেন এবং চুল ধরে টানাহেঁচড়া করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

অভিযুক্ত সোলায়মান বলেন, মাইনুর বেগম তাকে গালিগালাজ করলে তিনি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় গালিগালাজের পাশাপাশি মাইনুর বেগমকে মারধরের ঘটনাও ঘটে।

এ ঘটনায় মাইনুর বেগম বাদী হয়ে তজুমদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *