স্টাফ রিপোর্টার: আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসনে (শ্যামপুর ও কদমতলী থানা) নৌকার মনোনয়ন পেতে গণসংযোগে ব্যাস্ত সময় পার করছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্টের এডভোকেট ড. মোহাম্মদ জগলুল কবির। এই আসনে জাতীয় পার্টির এমপি সৈয়দ আবু হোসেন বাবলা স্থানীয় জনপ্রতিনিধি। গত কয়েক বছর ধরে তিনি দলীয় মনোনয়ন পেতে এলাকায় নিজ দলীয় নেতাকর্মীদের সঙ্গে সখ্যতা গড়ে তুলেছেন। তার দাবি ঢাকা-৪ আসনে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীসহ দলের অধিকাংশরাই তাকে এমপি হিসেবে চান। এ কারণে তিনি বছরজুড়ে বিভিন্ন এলাকায় গণসংযোগ করে বেড়াচ্ছেন। এরই অংশ হিসেবে শুক্রবার তিনি কদমতলী থানার ৫৮নং ওয়ার্ডের নিউ আলীবহর জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে বৃষ্টি উপেক্ষা করেই এলাকাবাসীকে সঙ্গে নিয়ে নৌকার পক্ষে গণসংযোগ করেন। এ সময় তিনি সরকারের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরে লিফলেট বিতরণ করেন। নিজেকে জাতীয় নিবাচনে এমপি পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেন। সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি বলেন, এলাকার উন্নয়নে তিনি কাজ করতে চান। এখনো এই এলাকায় রাস্তাঘাটের বেহালদশা। বর্তমানে জাতীয় পার্টির নেতা সৈয়দ আবু হোসেন বাবলা এই এলাকার সংসদ সদস্য। কিন্তু তিনি এলাকায় পর্যাপ্ত সময় না দেয়ায় এলাকার তেমন কোনো উন্নয়ন করতে পারেননি। এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশে ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছে। এমপি মহোদয় যদি চাইতেন এবং বিষয়টি ভালোভাবে সংশ্লিষ্ট দপ্তরে তুলে ধরতে পারতেন তাহলে এই এলাকার রাস্তাঘাটের যথাযথ উন্নয়ন করা যেতো। তার কারণে আমাদের দলের বদনাম হচ্ছে। এই বদনাম ঘুঁচতে আমি আপনাদের পক্ষ থেকে এমপি পদে নির্বাচন করতে চাই। আমি আপনাদের পাশে থেকে কাজ করতে চাই।
এ সময় উপস্থিত ছিলেন কদমতলী থানা আওয়ামী লীগের প্রবীণ নেতা হাজী সেলিম, শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ, কদমতলী থানা আওয়ামী লীগের সাবেক নেতা ও নিউ আলীবহর মসজিদের সাধারণ সম্পাদক হাজী রিপন, কদমতলী থানা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা মামুুনুর রশিদ মারুফ, কদমতলী থানা আওয়ামী লীগ নেতা আবু কাশেম, ইউনিট আওয়ামী লীগের সভাপতি নজরুল মাস্টার, ইউনিট আওয়ামী লীগের সভাপতি বাদশা মিয়া, ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাজাহান সাজু, ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুম ঢালী, কদমতলী থানা শ্রমিক লীগের সহ-সভাপতি শাহ আলম, ৫৯নং ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মামুন, ৫৩নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা রিয়াদ চৌধুরী, ৫৪নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বাবুল আহমেদ, স্থানীয় বাসিন্দা মাওলানা হাজী হেদায়েত উল্লাহ, হাজী তোফাজ্জল, হাজী বাদল, হাজী বশির উদ্দিন, কাওসারসহ ইউনিট আওয়ামী নেতাকর্মী ও মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
