টঙ্গীবাড়ীতে বসতবাড়িতে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে ৬টি টিনের ঘর

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ছয়টি টিনের ঘরের আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রবিবার (১১ জানুয়ারি) সকাল আনুমানিক ৬টার দিকে উপজেলার কাইচমালদা এলাকায় শাহ আলমের বসতবাড়িতে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পরপরই স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টঙ্গীবাড়ি ও সিরাজদিখান ফায়ার স্টেশনের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে ছয়টি টিনের ঘরের আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুনে কোনো প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

ফায়ার সার্ভিসের দ্রুত ও সমন্বিত পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *