গণআন্দোলনের মাধ্যমে এই দানব সরকারের পতন ঘটাতে হবে : মির্জা ফখরুল

কেরানীগঞ্জ ( ঢাকা) প্রতিনিধি : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগের এই দানব সরকার জোরপূর্বক এদেশের জনগণের ঘাড়ে চেপে বসেছে। তারা দেশে অপশাসন চালিয়ে দেশের জনগণকে নির্যাতন করছে। তাই আগামীতে গণআন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগের এই দানব সরকারের পতন ঘটিয়ে দেশের জনগণকে তাদের অপশাসন থেকে মুক্ত করা হবে।

তিনি মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের মির্জাপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়িতে পূজা মন্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। তিনি আরো বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আওয়ামী লীগ ক্ষমতায় এসে এদেশের গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশের জনপ্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে তারা মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে আটক রেখেছে। এই মিথ্যে মামলায় তারেক রহমান এখন প্রবাস জীবন কাটাচ্ছে । আওয়ামী লীগ এদেশের হাজার হাজার বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদের নির্যাতন করছে। আওয়ামী লীগ আমাদের সবার ভোটাধিকার কেড়ে নিয়েছে। আমরা এই অপশক্তিকে পরাজিত করে দেশে শান্তি প্রতিষ্ঠা করব ইনশা আল্লাহ ।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির কেন্দ্রীয় নেতা শামসুজ্জামান দুদু, বিএনপির কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নাজিম উদ্দিন, কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার সভাপতি এডভোকেট নিপুন রায় ও সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *