ডেস্ক: মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা এ কে এম শামীম ওসমান। তার ক্যানসার চতুর্থ স্টেজে রয়েছে বলে জানিয়েছেন তিনি নিজেই।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে একটি অনলাইন টকশোতে অংশ নিয়ে নিজের ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা জানান বিদেশে পলাতক শামীম ওসমান।
শামীম ওসমান বলেন, আমি অসুস্থ, ক্যানসার হয়েছে। আমার ক্যানসার, বলা হচ্ছে ফোর্থ স্টেজ।
নিজের শারীরিক অবস্থা নিয়ে তিনি আরও বলেন, কয়দিন বাঁচব, আমি জানি না। তবে আমার আল্লাহর ওপর বিশ্বাস আছে, আমি বাঁচব।
ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর শুনে অনেকে খুশি হতে পারেন বলেও মন্তব্য করেন শামীম ওসমান।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গা ঢাকা দেন শামীম ওসমান। পরে গোপনে দেশের বাইরে পালিয়ে যান। তার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার পাশাপাশি বিভিন্ন মামলার বিচার চলছে।
