ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের বাসিন্দা আলী আহম্মেদ (পিতা: জয়নাল আবেদীন) গত ১৯ নভেম্বর ভূমি অফিসের সার্ভেয়ার মোশারফ হোসেনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের পাশাপাশি আলী আহম্মেদের সরবরাহ করা একটি ভিডিওর ভিত্তিতে সাংবাদিকরা প্রাথমিকভাবে সংবাদ প্রকাশিত হয়।
তবে পরবর্তীতে বিষয়টি নিয়ে অধিকতর অনুসন্ধান এবং অভিযুক্ত সার্ভেয়ার মোশারফ হোসেনের সঙ্গে কথা বলে অভিযোগের বিষয়ে ভিন্ন বক্তব্য পাওয়া গেছে।
সার্ভেয়ার মোশারফ হোসেনের দাবি, অভিযোগ দায়েরের আগের দিন একটি পিটিশন মামলার প্রতিবেদন নিজের পক্ষে দেওয়ার জন্য তাঁর কাছে অনুরোধ করেন আলী আহম্মেদ। কিন্তু তিনি ওই প্রস্তাবে রাজি না হওয়ায় এবং তিনি তদন্তে যা পেয়েছেন নিরপেক্ষ ভাবে সেটিই প্রতিবেদন করবেন বলায়, তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় আলী আহম্মেদ বাংলাদেশ খেলাফত মজলিসের সেক্রেটারি পরিচয় দিয়ে ডিসি অফিসে নিয়মিত যোগাযোগ এবং আইনশৃঙ্খলা কমিটির সদস্য হিসেবে নিজের প্রভাবের কথা উল্লেখ করেন বলেও দাবি করেন তিনি।
মোশারফ হোসেনের আরও দাবি, পরদিন আলী আহম্মেদ কাগজপত্র দেওয়ার কথা বলে ভূমি অফিসে আসেন। কথোপকথনের একপর্যায়ে গাড়িভাড়া বাবদ প্রথমে ৩ হাজার টাকা এবং পরে আরও ১ হাজার টাকা মোট ৪ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দেন। তবে তিনি ওই টাকা গ্রহণে অস্বীকৃতি জানান। তাঁর দাবি, তিনি কোনো ঘুষের টাকা গ্রহণ করেননি।
সার্ভেয়ার মোশারফ হোসেনের অভিযোগ, তাঁদের মধ্যকার কথোপকথন রেকর্ড করে পরবর্তীতে সেটিকে ঘুষ লেনদেনের ঘটনা হিসেবে উপস্থাপন করা হয়েছে। এ ছাড়া সাংবাদিকদের কাছে দেওয়া বক্তব্যেও আলী আহম্মেদ প্রকৃত ঘটনা আড়াল করে ভুল তথ্য দিয়েছেন বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে অধিকতর অনুসন্ধানে, সার্ভেয়ার মোশারফ ঘুষ গ্রহণ করেছেন এমন কোন ভিডিও প্রমাণ পাওয়া যায় নাই এবং সাংবাদিকদের কাছে সাক্ষাৎকারে অভিযোগকারী আলী আহাম্মদের দেওয়া তথ্যর কোন সত্যতা পাওয়া যায় নাই। উক্ত ঘটনাটি আলী আহাম্মদ ব্যক্তিগত আক্রোশ থেকে ঘটিয়েছেন বলে ধারণা করা যাচ্ছে।
