কেরানীগঞ্জে সেলিম হত্যা মামলার আসামীদের গ্রেফতার না করার অভিযোগ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : কেরানীগঞ্জে সেলিম হত্যা মামলার আসামীদের পুলিশ গ্রেফতার না করার অভিযোগ পাওয়া গেছে। মামলার আসামীরা প্রকাশ্যে পুলিশের নাকের ডগায় ঘোরাফেরা করলেও তাদের গ্রেফতার করা হচ্ছে না বলে ভুক্তভোগী পরিবার তীব্র ক্ষোভ প্রকাশ করে এই অভিযোগ করেন।

ভুক্তভোগী পরিবার ও মামলা সুত্রে জানা যায়, দক্ষিণ কেরানীগঞ্জের নতুন বাক্তারচর এলাকার বালু ব্যবসায়ী মো. জাহিদ মাহমুদ সেলিমকে সন্ত্রাসীরা ব্যাপক মারধর করে গুরুতরভাবে রক্তাক্ত জখম করে। এই ঘটনায় আদালতে একটি মামলা করা হয়। সেলিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসারত অবস্থায় গত ১৫ আগস্ট সে মারা যায়।

মামলায় রানা রায়হান (৩৫), আব্বাস আলী (৫৪), রবিউল (৩৫), শাহিন (৪০), জাহের মিয়া, আসলাম (৫০), জালাল আহমেদ (৩০) ও ময়ফল মেম্বর (৫০) সহ ১৪-১৫ জনকে আসামী করা হয়। আসামীরা মামলার প্রথমদিকে পালিয়ে থাকলেও এখন তারা রাজনৈতিক ছত্রছায়ায় প্রকাশ্যে পুলিশের নাকের ডগায় ঘোরাফেরা করছে।

মামলার বাদী নিহত ব্যবসায়ী মো. জাহিদ মাহমুদ সেলিমের স্ত্রী আকলিমা আক্তার জানান, আসামীরা এভাবে প্রকাশ্যে পুলিশের নাকের ডগায় ঘোরাফেরা করায় তারা এখন চরম নিরাপত্তাহীনতায় আছেন। তাদের গ্রেফতার না করলে আরও বড় ধরনের ঘটনা ঘটাতে পারেন আসামীরা। তাই তিনি তার স্বামীর হত্যা মামলার আসামীদের দ্রুত গ্রেফতার করার জন্য পুলিশের উর্ধতন কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আসামীদের কেউ কেউ জামিনে আছেন, আবার কেউ কেউ পলাতক আছেন। আমরা তাদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *