মো. আব্দুল গনি, কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : কেরানীগঞ্জে মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার সময় ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে সঙ্ঘবদ্ধ একদল দুর্বৃত্ত। এই ঘটনায়
ব্যবসায়ীসহ তিনজন গুরুতরভাবে আহত হয়েছে। আহতরা হল ট্রাভেল ব্যবসায়ী হাজী মোঃ তাজুল ইসলাম(৫১), ছেলে হাফেজ রাফি ইসলাম (১৬) ও ড্রাইভার মনির হোসেন (২৭)। এই ঘটনায় ব্যবসায়ী হাজী মোঃ তাজুল ইসলাম বাদী হয়ে শনিবার কেরানীগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া ইউনিয়নের মধ্য খাড়াকান্দি ভেন্ডিঘাট খাদিজাতুল কোবরা জামে মসজিদের সামনে মসজিদের ইমাম ও মোয়াজ্জিনের থাকার জন্য একটি ঘর নির্মাণ করতে ছিলেন ব্যবসায়ী হাজী তাজুল ইসলাম। পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় জাহাঙ্গীর নামে এক ব্যক্তির নেতৃত্বে কয়েকজন লোক ওই নির্মাণ কাজের বাধা প্রদান করে। তিনি শুক্রবার মসজিদে জুমার নামাজ পড়ে বের হওয়ার সময় জাহাঙ্গীরের নেতৃত্বে ১২/১৫ জন যুবক দেশীয় অস্ত্রসহ তার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে বাঁচাতে এলে ছেলে হাফেজ রাফি ইসলাম ও গাড়ির ড্রাইভার মনির হোসেনের উপরও তারা হামলা চালায়। এই ঘটনায় তারা তিনজনেই গুরুতর আহত হয়। হাজী তাজুল ইসলাম জানান, আমি একজন ট্রাভেল ব্যবসায়ী। বড় হজ ও ওমরা হজে লোক পাঠানোর কাজ করি। মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের থাকার জন্য মসজিদের সামনে একটি ঘর নির্মাণ করতে ছিলাম। পূর্ব শত্রুতার জের ধরে জাহাঙ্গীরের নেতৃত্বে কয়েকজন যুবক ওই নির্মাণ কাজের বাধা প্রদান করে। এতে আমি তাদের প্রতিবাদ করে মসজিদে নামাজ পড়তে যাই। নামাজ শেষে বের হলে তারা দেশীয় অস্ত্র নিয়ে আমার ও আমার ছেলের এবং ড্রাইভারের উপর অতর্কিত হামলা চালায়। এতে আমরা তিনজনই গুরুতরভাবে আহত হই। এই ঘটনায় আমি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছি। এ ব্যাপারে কলাতিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান,ঘটনাটি তদন্ত করে সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে মামলা রজ্জু হওয়ার প্রক্রিয়াধীন আছে।
