নূর হোসেন আকন : ঢাকার দোহারের কৃষকদের বোরো ধান ঘরে তুলতে উপজেলা চেয়ারম্যান মো. আলমগীর হোসেন উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি দোহারের আপামর জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেছেন, “প্রিয়-দোহারবাসি, আসছে বোরো ধান কাটার মৌসুম। এবার ধান কাটার লোকের অভাব হবে বিবেচনায় রেখে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের প্রতিটি ওয়ার্ড থেকে কমপক্ষে ৫০ জন লোকের নাম দোহার উপজেলার কৃষি কর্মকর্তার নিকট জমা দিতে বলেছি। দোহার পৌরসভা’র জন্যও ৯টি ওয়ার্ডের কমপক্ষে ৫০ জন লোকের নাম কৃষি কর্মকর্তার নিকট জমা দিতে বলেছি। সারা দোহার উপজেলায় কমপক্ষে ৪০৫০ জন মানুষ ধান কাটাসহ মাড়াইয়ের কাজে নিয়োজিত থাকবে।” তিনি কৃষকের বোরো ধান ঘরে তুলার ব্যাপারে কোনোরকম অনিশ্চয়তার মুখোমুখি হতে চান না।
এ বিষয়ে তিনি আরও বলেন,”ধান ঘরে তোলার দিনগুলোতে আবহাওয়া কেমন থাকে, সে-কথা মাথায় রেখে কাঁটার উপযুক্ত হওয়ার সাথে সাথে ধান কেটে ঘরে তুলতে হবে।মনে রাখতে হবে ধান যেকোনো মূল্যে কেটে ঘরে আনতে হবে। যারা এ কাজে নিয়োজিত থাকবেন তারা কৃষক ভাইদের কাছ থেকে ন্যায্য পারিশ্রমিক পাবেন।” এছাড়াও ধান কাটার শ্রমিকদের জন্য সরকারি সহযোগিতা, ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমানের সহযোগিতা অব্যাহত থাকবে বলে নিশ্চিয়তা দিয়েছেন।
এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান মো. আলমগীর হোসেন- কৃষক, জমির মালিক, স্কিমের মালিক, সর্বোপরি দলমত নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করেছেন।
একইসাথে তিনি আওয়ামীলীগ এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের সার্বিক সহযোগিতা চেয়ে বলেন,” মাননীয় সাংসদ সালমান এফ রহমানের সার্বিক তত্বাবধানে আমরা সাধ্যমত দোহারবাসি’র সেবা দিয়ে যাচ্ছি। এ সেবা অব্যাহত থাকবে।”
