কষ্টে জমানো ২ লাখ টাকা খেলো ইঁদুর-উইপোকা, নিঃস্ব কৃষক

স্ত্রী-সন্তানের ভবিষ্যৎ গড়ার স্বপ্নে কষ্ট করে একটু একটু করে জমিয়েছিলেন টাকা। কাঠের আলমারিতে যত্ন করে তুলে রাখা সেই ভবিষ্যৎ শেষ করে দিলো ইঁদুর আর উইপোকা। সুন্দরগঞ্জের এক কৃষকের দুই লাখ টাকা খেয়ে ফেলেছে ইঁদুর আর উইপোকায়।

সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারি গ্রামের কৃষক তোফাজ্জল হোসেন ভাটিয়ার ঘরে ঘটে এই ঘটনা। শুক্রবার বিকেলে আলমারি খুলে নিঃস্ব হওয়ার এই দৃশ্য দেখে ভেঙে পড়েন কৃষক তোফাজ্জল। দহবন্দ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের এই বাসিন্দা দীর্ঘ ১০-১২ বছর ধরে জমি চাষ করে সংসার চালান।

স্থানীয় ইউপি সদস্য মো. ছোবেদ আলী জানান, তোফাজ্জল ভাই ছেলে-মেয়ের বিয়ের জন্য আর সংসারের জরুরি কাজের জন্য টাকা জমাচ্ছিলেন। ব্যাংকে না রেখে আলমারিতে নগদ রেখেছিলেন। শুক্রবার আলমারি খুলে দেখেন ভেতরের সব টাকা ইঁদুর ও উইপোকায় কেটে কুটি কুটি করে ফেলেছে।

টাকা নষ্ট হওয়ার খবর শুনে শনিবার বিকালে কৃষকের বাড়িতে ভিড় করেন এলাকাবাসী। আলমারির ভেতর থেকে বের হচ্ছে ছেঁড়া-ফাঁড়া ৫০০, ১০০০ টাকার নোট। অধিকাংশ নোটই ব্যবহারের অযোগ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *