আস্তিক মেহজাবিনের সঙ্গে নাস্তিক তৌসিফের প্রেম!

বিনোদন ডেস্ক : একজন আস্তিক মেয়ে ও আরেকজন নাস্তিক ছেলের মধ্যকার প্রেম ও বিশ্বাস-অবিশ্বাসের অনবদ্য এক গল্প নিয়ে নির্মিত হলো নাটক। এটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ। সিএমভি’র ব্যানারে ভালোবাসা দিবসকে কেন্দ্র করে নির্মিত এই নাটকের নাম ‘রেহনুমা’। নির্মাতার নিজের লেখা এই চিত্রনাট্যে এখানে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী ও তৌসিফ মাহবুব।

ভিকি জানান, ঘটনাচক্রে আস্তিক মেয়ে মেহজাবিনের সাথে নাস্তিক ছেলে তৌসিফ মাহবুবের প্রেমের সম্পর্ক হয়। সৃষ্টিকর্তার প্রতি ছেলেটার যে অবিশ্বাস, মেয়েটার বিশ্বাস ছিলো ততোটাই। এখানে মেহজাবীনের নাম রেহনুমা। নাটকের শেষের দিকে রেহনুমা কিছু প্রশ্ন ছুঁড়ে দেবে দর্শকদের উদ্দেশে।

‘রেহনুমা’ নির্মাণ প্রসঙ্গে ভিকি জাহেদ বলেন, ‘মানুষ কিছু কাজ করে শিল্প বিবেচনা করে, কিছু করে বাণিজ্যের ভাবনা থেকে। আর কিছু কাজ করে একান্তই নিজের জন্য। ‘রেহনুমা’ আমার তেমনই একটি কাজ, যেটিকে আমি হৃদয়ে ধারণ করছি বহুদিন।’

প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি সূত্রে জানা গেছে, বিশেষ এই নাটকটি ১৫ ফেব্রুয়ারি দুপুর ১২টায় প্রকাশ করা হবে প্রতিষ্ঠানটির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *