সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় রবিউল বাশার (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার (১১ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের গাজিন্দা গ্রামে নিহত রবিউল বাশারের নিজ শয়ন কক্ষ থেকে তাকে উদ্ধার করেন। নিহত রবিউল বাশার ওই এলাকার মো. ফজল হক মন্ডলের মেয়ের জামাই। সে মানিকগঞ্জ জেলার শিবালয় থানার রূপসা গ্রামের মৃত রুস্তুম খন্দকারের ছেলে।
নিহতের শ্বশুর ফজল হক জানান, আমার বাড়ির পাশে রবিউলের নামে ৫ শতাংশ জায়গা কিনে বাড়ি করে দিয়েছি। সে প্রায় ২০ বছর যাবৎ ২ সন্তান, পরিবার নিয়ে বসবাস করে আসছে। আমার মেয়ে ও নাতি বিদেশ থাকে। যার জন্য আমার মেয়ের জামাই একাই বাড়ি থাকতো। আর নাতনি আমাদের বাড়ি থাকে। প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে সে দক্ষিণ ভিটের পাকা টিন সেট ঘরে বারান্দার গেট তালা দিয়ে শুয়ে পড়ে। রোববার সকাল ৯টার দিকে আমার নাতনি তার বাবাকে ভাত দিতে গেলে বারান্দার গেট তালা দেওয়া আর শয়ন কক্ষের দরজা খোলা দেখে ডাকাডাকি করতে থাকে। ভিতর থেকে কোনো সারাশব্দ না পেয়ে আমাকে জানায়। আমরা গিয়ে বারান্দার গ্রিল দিয়ে দেখতে পাই সে বিছানায় পরে আছে। বিষয়টি চেয়ারম্যানকে অবগত করলে সে থানা পুলিশকে খবর দেয়। থানা পুলিশ সাড়ে ৩ টার দিকে বারান্দার তালা ভেঙ্গে মরদেহ উদ্ধার করেন।
এ ঘটনায় সহকারি পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) মো. রেজাউল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে সিংগাইর থানা ওসি মো. আসলাম হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
