সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে মাদক কারবারিদের হামলায় গুরুতর আহত হয়েছে লাল মিয়া নামে এক পুলিশ সদস্য। এ ঘটনায় ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে হামলাকারী ৩ মাদক কারবারিকে।
বৃহস্পতিবার (৩ আগস্ট ) দিবাগত রাত ৯ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিণ উত্তর পাড়া কবরস্থান সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
শুক্রবার (৪ আগস্ট) বিকেল ৪ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম।
গ্রেফতারকৃতরা হলেন, ভূমদক্ষিণ উত্তর পাড়ার শেখ নিজামুদ্দিনের ছেলে শেখ ফরিদ (২৯), দক্ষিণ পাড়ার সোবাহান খানের ছেলে ইউসুফ শেখ (২৭), এবং আজিমপুর রংয়ের বাজার এলাকার এলেম বাদশার ছেলে আরাফাত হোসেন (২৯)।
ওসি সৈয়দ মিজানুর ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই হাফিজুর রহমান সরকার এর নেতৃত্বে একটি অভিযানিক দল মাদক উদ্ধারে উপজেলার ভূমদক্ষিন উত্তরপাড়া কবরস্থানের জনৈক সুফিয়া বেগমের বাড়ীর পশ্চিম পার্শ্বে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পাইয়া ৩ জন মাদক কারবারি দৌড়াইয়া পালানোর চেষ্টা করলে পুলিশ সদস্য লাল মিয়া শেখ ফরিদকে ধরে ফেলে। এদিকে ইউসুফ ও আরাফাত ফরিদকে ছাড়িয়ে নিতে অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা করে। একপর্যায়ে আটক ফরিদ পুলিশ সদস্য লাল মিয়ার মাথায় ইট দিয়ে আঘাত করলে সে মারাত্মকভাবে আহত হয়।
এ সময় এসআই হাফিজুর রহমান সরকারসহ পুলিশের অন্য সদস্যরা চেষ্টা চালিয়ে হামলাকারি ৩জনকেই আটক করতে সক্ষম হয়। আটক ফরিদের নিকট থেকে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। হামলাকারীদের মারপিটে গুরুতর আহত লাল মিয়া বতর্মানে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
ওসি জানান আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও পুলিশ অ্যাসল্ট পৃথক পৃথক দুইট মামলা রুজু করে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।
