সিংগাইরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষ হাত ভেঙ্গে দিলো বাবা-ছেলের

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে পূর্ব শক্রতার জের ধরে বাবা ও ছেলের ওপর আর্তকিত হামলা চালিয়ে ডান হাত ভেঙ্গে দেয়ার অভিযোগ ওঠেছে প্রতিপক্ষ কহিনুর ও ইউসুফ গংদের বিরুদ্ধে । গত শনিবার বিকেল ৫ টার দিকে উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দাশেরহাটি গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন,ওই এলাকার দানেছের ছেলে কহিনূর রহমান (৪৮) ও তার ছেলে আব্দুল হালিম (২০)।
এ ঘটনায় সোমবার (৮ জুন) দুপুরে সিংগাইর থানায় কহিনূর রহমান বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি ৮ জনের নাম উল্লেখসহ আরও ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তিকে অভিযুক্ত করেছেন।
অভিযুক্তরা হলেন—উপজেলার বাইমাইল গ্রামের আব্দুর রহিমের ছেলে কহিনুর (৩০), দাশেরহাটি গ্রামের দানেছ আলীর ছেলে ইউনুস আলী (৫০), ইউনুস আলীর মেয়ে শাকিলা (২৮) ও স্ত্রী রিপন আক্তার (৪০), বেরুন্ডী গ্রামের আনোয়ার (৪৫), মৃত ইমান বেপারীর ছেলে দানেছ আলী (৬৮), দানেছ আলীর স্ত্রী হাজেরা বেগম (৬৩) এবং রহম আলীর ছেলে সাইমন (৩০)।
ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা যায়, দাশেরহাটি গ্রামের বাসিন্দা কহিনূর রহমানের সঙ্গে অভিযুক্তদের দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে অভিযুক্তরা বিভিন্ন সময় তাকে হুমকি-ধমকি দিয়ে আসছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে প্রকাশ, গত ৬ জুন বিকেল ৫টার দিকে কহিনূর রহমান তার ছেলে আব্দুল হালিমকে সঙ্গে নিয়ে ঘাস কাটার উদ্দেশ্যে চকে যাচ্ছিলেন। পথে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা ব্যক্তিরা দেশীয় অস্ত্র, লোহার রড ও ধারালো দা নিয়ে তাদের পথরোধ করে অতর্কিত হামলা চালায়। এসময় বাবা ও ছেলের ডান হাত ভেঙ্গে ও মারাত্মক রক্তান্ত জখম হয়। পরে তাদের ডাকচিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। পরে তারা ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসা শেষে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় প্রতিবেশী সুজন,কুলসুম ও বিলকিসসহ একাধিক লোকজন জানান,কহিনূর ও তার ছেলে হালিমকে অন্যায়ভাবে মারা হয়েছে। যা খুবই দু:খজনক। এর সুষ্ঠ বিচারের দাবি জানান তারা।

সরেজমিনে সোমবার বিকেলে অভিযুক্ত কহিনুর ও ইউসুফ গংদের বাড়িতে গিয়ে তালাবদ্ধ থাকায় তাদের বক্তব্যে নেয়া সম্ভব হয়নি।

এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যরা।
অভিযোগের তদন্ত কর্মকর্তা পুলিশ উপ-পরিদর্শক মীর নাজমুল হাসান জানান,এ ঘটনায় মামলা রুজু হবে। দোষীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *