সিংগাইরে একরাতে দুই বাড়িতে ডাকাতির ঘটনায় ৮ ডাকাত গ্রেপ্তার

সিংগাইর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ইরতা গ্রামে একই রাতে পাশাপাশি ২ বাড়িতে ডাকাতির ঘটনায় ৮ ডাকাতকে গ্রেপ্তার করেছে সিংগাইর থানা পুলিশ। সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ১২ টার দিকে পুলিশ সুপার মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম বার।

গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকা জেলার ধামরাই উপজেলার বালিথা গ্রামের মিন্টু মিয়া, মধুডাঙ্গা গ্রামের রিপন মিয়া, কুনি কুশরা গ্রামের বিশু মিয়া, চরপাড়া গ্রামের আশরাফুল মোল্লা, গাংগুটিয়া গ্রামের আ. কাদের স্বপন, গাজীপুরের গোসাত্রা উত্তর কাঞ্চনপুর গ্রামের তাইজুদ্দিন, আটাবর গ্রামের মনির হোসেন ও গাইবান্ধার ধুসরিয়া গোপালপুর গ্রামের মো. বাদল হোসেন।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ২৭ জানুয়ারি রাত একটার দিকে ইরতা গ্রামের নুর উদ্দিনের একতলা বিল্ডিংয়ের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ১০-১২ জনের সংঘবদ্ধ ডাকাতদল। এ সময় ডাকাতরা নূর উদ্দিনসহ পরিবারের তিন সদস্যকে হাত-মুখ বেঁধে অস্ত্রের ভয় দেখিয়ে প্রায় ৬ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

পরে ডাকাতরা নুর উদ্দিনের প্রতিবেশী প্রবাসী শাকিল খানের স্ত্রী মর্জিনা বেগমের বাড়িতে প্রবেশ করে। এসময় ডাকাতরা মর্জিনা বেগমকে মারপিট করে সাড়ে ৫ ভরি স্বর্ণ, ২০ ভরি রুপার অলঙ্কার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী নুর হোসেন সিংগাইর থানায় অজ্ঞাত কয়েক জনকে আসামী করে মামলা দায়ের করেন।

তিনি আরো জানান-ঘটনার ১২ দিন পর পুলিশ ঢাকার ধামরাই, আশুলিয়া, সাভার ও গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের দুপুরে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি ডাকাতির কাজে ব্যবহৃত চাপাতি, ছুড়ি ও চারটি লোহার রডসহ এক ভড়ি স্বর্ণালঙ্কার ও নগদ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *