মো. রকিবুল হাসান বিশ্বাস(মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইরে পাটক্ষেত থেকে অজ্ঞাত (৪০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ বুধবার (৮ জুলাই) সকাল ১১ টার দিকে উপজেলার বায়রা ইউনিয়নের সানাইল এলাকার রাস্তার দক্ষিন পাশে পাটক্ষেত থেকে এ লাশ উদ্ধার করেন।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, উপজেলার বায়রা ইউনিয়নের সানাইল এলাকার মৃত আছমান খানের ছেলে বদর উদ্দিন বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে কৃষি কাজ করতে চকে যায়। চকে গিয়ে পাটক্ষেতের মধ্যে ১ জন লোক শুয়ে আছে দেখে ডাকাডাকি করতে থাকে। কোন সারা শব্দ না পেয়ে কাছে গিয়ে দেখে মৃত অবস্থায় পড়ে আছে। বিষয়টি স্থানীয় মেম্বারকে জানালে মুহূর্তের মধ্যে এলাকায় জানাজানি হলে বিভিন্ন এলাকার মানুষ ঘটনাস্থলে লাশ দেখতে ছুটে আসেন। পরে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠায়।
এ ব্যাপারে থানার (ওসি) আব্দুস সাত্তার মিয়া বলেন, লাশের কাছ থেকে যৌন উত্তেজক জিনসন ওষুধের বোতল পাওয়া গেছে। গায়ে কোন আঘাতের চিহ্ন নেই। সম্ভবত যৌন উত্তেজক ওষুধ পান করেই সে এখানে মারা গেছে। তবে ময়না তদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
