সরিষা ক্ষেতে মধুর রাজ্য

ডেস্ক রিপোর্ট : জামালপুরের ফসলের মাঠ জুড়ে সরিষার হলুদ ফুলে মধু সংগ্রহে ব্যস্ত মোয়ালরা। তীব্র শীতে সরিষার ক্ষেত জুড়ে শত শত বাক্স বসিয়ে সংগ্রহ করা হচ্ছে মধু। সংগ্রহকারীরা বলছেন, বড় বড় কোম্পানির কাছে তাদের সংগৃহীত মধু বিক্রি করতে না পেরে পাইকারদের কাছে কম দামে মধু বিক্রি করতে হচ্ছে।

ফসলের দিগন্ত জোড়া মাঠে হলুদের সমারোহ। মাঠের পর মাঠ জুড়ে আছে সরিষার হলুদ ফুলের অপরূপ দৃশ্য।জামালপুরের সরিষাবাড়ি উপজেলার সাতপোয়া ইউনিয়নে সরিষার ক্ষেত জুড়ে শত শত বাক্স বসিয়ে সংগ্রহ করা হচ্ছে মধু। এছাড়া বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মাদারগঞ্জ, মেলান্দহ এবং সদর উপজেলায়েও সরিষা ফুলের মধু সংগ্রহে নেমেছে মৌসুমি মধু সংগ্রহকারীরা। অন্যান্য ফসলের চেয়ে সরিষা চাষ করে বেশি লাভবান হওয়ায় কৃষকদের আগ্রহ বাড়ছে।

তারা বলেন, এখন মধু চাষ ভালো হচ্ছে। আগে তিন মন মধু পাওয়া গেলেও এখন পাওয়া যায় চার থেকে সাড়ে ৪ মন মধু। লাভ হলেও সঠিক দাম পাচ্ছি না।
তবে তীব্র শীতের কারণে মধু সংগ্রহে মৌয়ালদের কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে।

সরিষা থেকে মধু সংগ্রহে কৃষক এবং মৌয়াল উভয়ই লাভবান হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা মো. আমিনুল ইসলাম।সময় সংবাদকে তিনি বলেন, প্রায় ৩০টি স্পটে সাড়ে ৪ হাজার মৌ বাক্স বসানো হয়েছে। এটা খুবই লাভজনক চাষ। দুপক্ষই লাভবান হচ্ছেন। জেলা কৃষি বিভাগের তথ্য মতে, চলতি মৌসুমে জেলার ৭টি উপজেলার ২১ হাজার ৮৫০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। যেখান থেকে প্রায় ২ কোটি টাকার মধু উৎপাদন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *