এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে প্রবাস থেকে বাসায় ফেরার কয়েক ঘন্টার মধ্যে প্রবাসীর ভাড়াটিয়া বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে সিঙ্গাপুর প্রবাসীর প্রায় সাড়ে ৫ ভরি স্বর্ণালংকার,১০ ভরি রৌপ ও নগদ ১ লাখ ৫৬ টাকা লুন্ঠন করে নিয়ে যায় ডাকাতদল।
শনিবার রাত ২ টার দিকে উপজেলার আটপাড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন তিনতলা ভবনে এই দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়।
জানা গেছে, শনিবার দিবাগত রাত ২টার দিকে আটপাড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন গাজিপুরের ঝুট ব্যবসায়ী মঞ্জু মোড়লের তিন তলা ভবনের কলাপসিবল গেট ভেঙ্গে প্রায় ৩০ জনের একটি ডাকাত দল ভিতরে প্রবেশ করে। ডাকাত দলটির সদস্যদের একটি গ্রুপ নিচতলায় মঞ্জু মোড়লের ফ্ল্যাটে প্রবেশ করে পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকা লুটে নেয়। অপর গ্রুপটি দু-তলার ভাড়াটিয়া সিংগাপুর প্রবাসী মোঃ ফেরদৌসের ফ্ল্যাটে প্রবেশ করে। এসময় ফ্ল্যাটের লোকজন বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাত দলের সদস্যরা ওই ফ্ল্যাটের মোঃ শাজাহান(৭০),ফেরদৌস (৩৫) ও শারমিন(২৩)কে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এসময় তারা অগ্নেয়াস্ত্র প্রদর্শন করে ভীতি তৈরি করে প্রায় সাড়ে ৫ ভরি স্বর্ণালংকার,১০ ভরি রৌপ ও নগদ ১ লাখ ৬৫ হাজার টাকা লুটে নেয়।
সিংগাপুর প্রবাসী ফেরদৌস শনিবারই রাত ৯টার দিকে সিংগাপুর থেকে শ্রীনগরের ওই বাসায় এসে পৌছে। এর কয়েক ঘন্টার মধ্যেই এমন ডাকাতির ঘটনায় তার পরিবার ভেঙ্গে পরেছে।
অপরদিকে বাড়ির মালিক ঝুট ব্যবসায়ী মঞ্জু মোড়ল ঘটনার সময় বাসায় ছিলেন না। তার স্ত্রী,কন্যা ও বাসার লোকজন কোন বাধা প্রদান না করায় ডাকাত দলের সদস্যরা তাদেরকে মারধর করেনি।
শ্রীনগর থানার ওসি(তদন্ত) মিল্টন দত্ত জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। ভুক্তভোগীরা থানায় রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
