শ্রীনগরে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-৬

এমএ কাইয়ুম মাইজভান্ডারি (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় গর্ভবর্তী নারীসহ ৬ আহত হয়েছে।

গত সোমবার দুপুর ১টার দিকে উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের কবুতরখোলা গ্রামে এই মারপিটের ঘটনা ঘটে। স্থানীয়রা গর্ভবর্তী নারীসহ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এব্যাপারে সালমা বেগম বাদী হয়ে ওয়াসেক খানসহ ৬ জনকে বিবাদী করে বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন।

মামলা সুত্রে জানা যায়, বাদী পক্ষের সাথে বিবাদী ওয়াসেক খানগংয়ের পৈত্রিক সম্পত্তি নিয়ে বিজ্ঞ আদালতে মামলা মোকদ্দমা চলে আসছিল। এই শত্রুতার জের ধরে গত সোমবার দুপুরে বিবাদী ওয়াসেক খান,মহিউদ্দিন খান,রহমান খান,ইয়াছিন খান,সিজান,আখিনুরগং হাতে দা,লাঠি,লোহার রড শাবল ইত্যাদি  নিয়ে বাদী সালমা বেগমের বাড়িতে ঢুকে বাদীসহ তার বোন খালেদা,শাহনাজ,ভাতিজা জাহিদ,দীন ইসলাম, গর্ভবর্তী ভাতিজা বউকে এলোপাথাড়ি পিটিয়ে আহত করে এবং ঘরের বেড়া ও আসবাবপত্র ভাংচুর করে ব্যাপক ক্ষতি করে।  এসময় আহতদের ডাক চিৎকারে আশপাশের লোক এগিয়ে আসলে ওয়াসেক গং খুন জখমের হুমকি দিয়ে চলে যায়।

এব্যাপারে অভিযুক্ত রহমান খান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা তাদের বাড়িতে গিয়ে কোন মারামারি করি নাই।

স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম জানান, বিবাদী পক্ষ খুব খারাপ । আমি কয়েকবার তাদের বাড়িতে গিয়ে মীমাংসা করার চেষ্টা করেছি। কিন্তু তারা কোন শালিস মীমাংসা বসে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *